পেকুয়া বাজারে চুরি-চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার প্রধান বাণিজ্যিককেন্দ্র কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) চুরি-চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেওয়া ও যানজট নিরসনের দাবিতে ব্যবসায়ীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাত সাড়ে নয়টায় পেকুয়া বাজার চত্বরে এ সমাবেশ হয়।
বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আকতার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বারেক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি কফিল উদ্দিন। বক্তব্য দেন ব্যবসায়ী মো. মাঈনুদ্দিন, প্রদীপ কুমার সুশীল, আবদুর রহমান, আশেক উল্লাহ প্রমুখ।
ব্যবসায়ীরা বলেন, সম্প্রতি আশঙ্কাজনক হারে চুরি বেড়ে গেছে। এতে ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। চোর ধরা না পড়লে ভবিষ্যতে ব্যবসা করা দুরূহ হয়ে পড়বে। তা ছাড়া হোমিও চিকিৎসক হারাধন হত্যার চার বছর পেরিয়ে গেছে। এখনো কোনো কূলকিনারা হয়নি। তাঁর পরিবার জানতেও পারল না, কারা তাঁকে হত্যা করেছে। অপরাধ দমনে বাজারে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো জরুরি।