পেকুয়ার ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা
কক্সবাজারের পেকুয়া উপজেলার একটি সাংগঠনিক ইউনিয়নসহ ৮ ইউনিয়ন ও ৬৩টি ওয়ার্ডের বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়েছে। ১৬ জানুয়ারি রাতে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কক্সবাজার জেলাধীন পেকুয়া উপজেলার একটি সাংগঠনিক ইউনিয়নসহ আট ইউনিয়ন এবং এসব ইউনিয়নের সব ওয়ার্ডের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছে। এর ফলে এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন আহ্বায়ক কমিটি ও সম্মেলনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্ধারণ করা হবে।
নেতা-কর্মীরা জানান, এর মাত্র এক মাস আগে ভেঙে দেওয়া হয় উপজেলা যুবদলের কমিটি। এ কমিটির সভাপতি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ ও সাধারণ সম্পাদক ছিলেন টৈটং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেড এম মোসলেম উদ্দিন। কোনো কারণ ছাড়াই ওই কমিটি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ আনেন দলের নেতারা। যুবদল নিয়ে বিতর্ক শেষ না হতেই এবার ভেঙে দেওয়া হলো ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সব কমিটি। এখনো যুবদলের নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
এ প্রসঙ্গে বিএনপির সভাপতি বাহাদুর শাহ বলেন, কমিটি ভেঙে দেওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। তবে মূল কথা হচ্ছে, এ মুহূর্তে দলকে শক্তিশালী করা প্রয়োজন।
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, কমিটিগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে পড়ায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্ব তুলে আনতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।