কক্সবাজারের সমুদ্র উপকূলীয় উপজেলা পেকুয়ার চারটি ইটভাটায় পুড়ছে সংরক্ষিত বনের কাঠ। ইটভাটাগুলোও স্থাপন করা হয়েছে সংরক্ষিত বনের তিন কিলোমিটারের মধ্যে। দুই মাস আগে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ৬০ হাজার টাকা জরিমানা করলেও এখন আবার কাঠ পোড়ানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার টৈটং ও বারবাকিয়ার সংরক্ষিত বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে স্থাপন করা হয়েছে স্থানীয় ব্যবসায়ী সাহাব উদ্দিনের মালিকানাধীন এমপিএম ব্রিক, আহমদ নবীর এবিএম ব্রিক, আবু তাহেরের ইবিএম ব্রিক ও মোস্তাক আহমদের এসবিএম ব্রিক নামের চারটি ইটভাটা। সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি আইন অনুযায়ী কয়লা দিয়ে ইট তৈরির কথা থাকলেও এসব ভাটায় সমানে সংরক্ষিত বনের কাঠ পুড়িয়ে ইট তৈরি হচ্ছে। ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও নেই। এ ছাড়া পরিবেশ আইন অনুযায়ী সংরক্ষিত বনের তিন কিলোমিটারের ভেতর ইটভাটা স্থাপন নিষিদ্ধ হলেও চারটি ভাটা স্থাপন করা হয়েছে আধা থেকে দেড় কিলোমিটারের ভেতর। অথচ এ ব্যাপারে বন বিভাগ নীরব ভূমিকা পালন করছে। স্থানীয় লোকজনের অভিযোগ, ভাটার মালিকেরা শ্রমিক নিয়োগ করে পাশের বনাঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে ইটভাটায় পোড়াচ্ছেন। ভাটার পাশেই বিপুল পরিমাণ বনের কাঠ স্তূপ করে রাখা হয়। এ ছাড়া ভাটার চিমনি থেকে নির্গত কালো ধোঁয়ায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নষ্ট হচ্ছে ফসল, গাছের মুকুল। নারী ও শিশুরা আক্রান্ত হচ্ছে নানা রোগে। এ প্রসঙ্গে জানতে চাইলে বনের কাঠ পোড়ানোর কথা অস্বীকার করে ভাটার মালিক আবু তাহের ও মোস্তাক আহমদ জানান, কয়লা পুড়িয়েই তাঁরা ইট তৈরি করছেন। বনের ভেতরে ইটভাটা স্থাপন প্রসঙ্গে বলেন, ব্যক্তিমালিকানাধীন জমিতেই ভাটা স্থাপন করা হয়েছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না। বনের কাঠ পুড়িয়ে ভাটায় ইট তৈরি প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর-ই-খাজা আলামীন বলেন, ‘গত বছরের ২১ ডিসেম্বর টৈটং ইউনিয়নের সোনাইছড়ি এলাকায় স্থাপিত আহমদ নবীর এবিএম ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বনের কাঠ পোড়ানোর দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন এবং আর কাঠ পোড়ানো হবে না মর্মে মালিকের কাছ থেকে মুচলেকাও আদায় করা হয়। এখন আবার কাঠ পোড়ানো হচ্ছে কি না, অনুসন্ধান করা হচ্ছে।’পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘পেকুয়ার সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে স্থাপিত চারটি ইটভাটায় শিগগির অভিযান চালানো হবে। বনের কাঠ দিয়ে ইট তৈরির অভিযোগ প্রমাণ হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’