পেকুয়ার সংরক্ষিত বনের অবৈধ বসতবাড়ির উচ্ছেদ শুরু
কক্সবাজারের সমুদ্র উপকূলীয় পেকুয়া উপজেলার টৈটং, লাইনেরশিরা ও বড়ছড়া সংরক্ষিত বনের ভেতরে অবৈধভাবে নির্মিত বসতবাড়ির উচ্ছেদ শুরু করেছে বন বিভাগ। গত ৩০ জানুয়ারি বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত বন বিভাগের কর্মকর্তারা উপজেলার বারবাকিয়া বনরেঞ্জের আওতাধীন কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে ১১টি বসতবাড়ি উচ্ছেদ করেন। আরও শত শত বসতবাড়ি উচ্ছেদ করা হবে বলে জানান ওই কর্মকর্তারা। চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগের সহকারী বন-সংরক্ষক মকসুদ আলম এই অভিযান পরিচালনা করেন।উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি প্রথম আলোর আলোকিত চট্টগ্রাম পাতায় ‘সংরক্ষিত বনাঞ্চল দখল করে বসতবাড়ি’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে তোলপাড় শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে বন বিভাগ ওই এলাকায় অভিযান চালায়।বন বিভাগ সূত্র জানায়, অভিযানের প্রথম পর্যায়ে টৈটং বনবিটের সংগ্রামীরজুম এলাকায় আবদুস ছালাম, শফিউল আলম, আবদুল খালেক, করম আলীর বসতঘর এবং দুপুরে বারবাকিয়া বনবিটের লাইনেরশিরা এলাকার মৌলভী বাদশা, মঞ্জুর আলম, ইব্রাহিম মিয়া, মুনিয়া হোসেন, নজু মিয়া, নাজেম উদ্দিন, সাক্কু রহমানের বসতবাড়ি গুঁড়িয়ে (উচ্ছেদ) দেওয়া হয়।বারবাকিয়া বিটের কর্মকর্তা এস এম কাউসার হোসেন এর সত্যতা নিশ্চিত করে জানান, উচ্ছেদ করা অবৈধ বসতবাড়ির মালিকপক্ষের বিরুদ্ধে ক্ষতিপূরণ মামলার পাশাপাশি অন্য দখলদারদেরও উচ্ছেদ করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন উচ্ছেদকারী জানান, ৩০ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সংশ্লিষ্ট কতিপয় বন কর্মকর্তা সংরক্ষিত বনের ভেতরে বসতবাড়ি তৈরির সুযোগ দিয়েছেন। এখন বসতবাড়ি উচ্ছেদ হওয়ায় তাঁরা ক্ষতির সম্মুুখীন হচ্ছেন। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে ওই বন কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবিও জানান তাঁরা।চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন-সংরক্ষক মকসুদ আলম জানান, অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে বন বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে। দখল তৎপরতায় বন বিভাগের কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।