পেকুয়ার সাত ইউনিয়নেও আ.লীগ-বিএনপির ভোটযুদ্ধ
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাতটি ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকেরা নিজ নিজ পছন্দের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জোর প্রচারণায় নেমেছেন। প্রার্থীরা ভোটারদের ঘরে ঘরে গণসংযোগের পাশাপাশি পথসভা, মিছিল ও সমাবেশ করে যাচ্ছেন। অনেকে আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলায় মশাল মিছিল ও জনসভা করছেন। ভোটাররা জানান, বিএনপির ঘাঁটি বলে পরিচিত এই এলাকার পদগুলো যাতে আওয়ামী লীগের দখলে যেতে না পারে তার জন্য কোমরবেঁধে নেমেছেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁদের সঙ্গে মাঠে নেমেছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির বর্তমান কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদ। তিনি গণসংযোগের পাশাপাশি সভা-সমাবেশে বক্তৃতা দিচ্ছেন। তবে এখন পর্যন্ত আওয়ামী সমর্থক চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে জেলার শীর্ষ কোনো নেতা মাঠে নামেননি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ সিআইপি দেশের বাইরে রয়েছেন।ভোটারদের ধারণা, বিএনপির ঘাঁটি হলেও ইউনিয়নগুলোতে এবার বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। নির্বাচন কার্যালয় সূত্র জানায়, উপজেলার সাতটি ইউনিয়ন (পেকুয়া সদর, টৈটং, মগনামা, শিলখালী, উজানটিয়া, বারবাকিয়া ও রাজাখালী ইউনিয়ন) ৪৯ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত রোববার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৪ জুন এ উপজেলায় নির্বাচন হবে। স্থানীয় বিএনপির একাধিক নেতা জানান, পেকুয়া সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ। বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাই বাহাদুরকে জিতিয়ে আনার জন্য মাঠে নেমেছেন। কিন্তু এই ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী হওয়ায় ভোটাররা বিভ্রান্ত হচ্ছেন। এই ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম ও সহসাধারণ সম্পাদক আবুল কাশেম। এই ইউনিয়নে আরও তিন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, তাঁদের প্রতি কোনো দলের সমর্থন নেই। এঁরা হলেন—শাহ আলম, ওমর ফারুখ ও আবুল হোসেন সিকদার। টৈটং ইউনিয়নেও আওয়ামী লীগের একাধিক চেয়ারম্যান প্রার্থী মাঠ গরম করে চলছেন। এঁরা হলেন—বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ ও টৈটং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম। অন্যদিকে, বিএনপি থেকে প্রার্থী হয়েছেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেহ উদ্দিন, বিএনপির নেতা রমিজ আহমদ। জামায়াত থেকে প্রার্থী হয়েছেন উপজেলা সম্পাদক নুরুল কবির। মগনামা ইউনিয়নে ১১ জন চেয়ারম্যান প্রার্থী নিয়ে বেকায়দায় পড়েছেন ভোটাররা। এই ইউনিয়নের প্রার্থীরা দলীয় পরিচয় বাদ দিয়ে নিজের ভাবমূর্তি (ইমেজ) কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা চালাচ্ছেন। দিনরাত সমানে চলছে ঘরে ঘরে প্রার্থীদের গণসংযোগ। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইউনুছ চৌধুরীর পাশাপাশি সাবেক চেয়ারম্যান খাইরুল এনাম, শহিদুল মোস্তফা, রেজাউল হক চৌধুরী, রশিদ আহমদ, হারুন আল রশিদ মাঠ চষে বেড়াচ্ছেন। পাশের শিলখালী ইউনিয়নেও একই অবস্থা। এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল হোছাইন, স্থানীয় সমাজসেবক মো. শাহজাহান, ওয়াহিদুর রহমান ওয়ারেচিসহ ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপকূলীয় ইউনিয়ন হিসেবে পরিচিত উজানটিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। এর মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য এ টি এম শহিদুল ইসলাম চৌধুরী, দুইবার নির্বাচিত মহিলা সদস্য পারভিন আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তোফাজ্জল করিম, সাবেক চেয়ারম্যান আকতার কামাল চৌধুরী ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। এই ইউনিয়ন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পারভিন আক্তার। তিনি জানান, অবহেলিত এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের আশায় চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। বারবাকিয়া ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করছেন জেলা যুবলীগের সহসভাপতি জি এম আবুল কাশেম। তিনি দীর্ঘ ২২ বছর ধরে এই ইউনিয়ন পরিষদের সদস্য ও বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন। রাজাখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ও অপর প্রার্থী রুহুল আমিন এলাকায় বেশ জনপ্রিয়। তা ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ও ছৈয়দ নুর মাঠঘাট চষে বেড়াচ্ছেন। রাজাখালী ও উজানটিয়া ইউনিয়নের ভোটার মনজুর আলম ও মনির উল্লাহ জানান, দুর্গম উপকূলীয় এলাকা হওয়ায় প্রভাবশালী চেয়ারম্যান প্রার্থীরা ভোটকেন্দ্রগুলো দখলের চক্রান্ত করছেন। এজন্য আগেভাগে সন্ত্রাসীদের ভাড়াটে হিসেবে ব্যবহার করছেন। যেসব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর জয়লাভের সম্ভাবনা বেশি সেখানে বিএনপি এবং যেখানে বিএনপি প্রার্থীর জয়লাভের সম্ভাবনা দেখা দেবে সেখানে আওয়ামী লীগ গোলযোগ সৃষ্টি করতে পারে। ফলে ভোটের দিন ১০টির বেশি কেন্দ্র রণক্ষেত্রে পরিণত হতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিক কয়েকজন চেয়ারম্যান প্রার্থীও এই আশঙ্কা প্রকাশ করেছেন। এই প্রসঙ্গে জানতে চাইলে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সুষ্ঠুভাবে ভোট গ্রহণের স্বার্থে প্রতিটি ভোটকেন্দ্রে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবেন। তা ছাড়া সন্ত্রাস দমন ও সন্ত্রাসীদের ধরতে ভোটের আগে বিশেষ অভিযান চালানো হবে। সে ক্ষেত্রে ভোটারদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।