পেকুয়ার সাত প্রাথমিক বিদ্যালয়ে 'মিড ডে মিল' চালু
কক্সবাজারের পেকুয়া উপজেলার সাত প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হয়েছে। ১০ আগস্ট দুপুরে শিলখালী হাজীরঘোনা ওবাইদুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। একই সময়ে সাবেক গুলদী, বটতলী, মধ্যম মগনামা, উজানটিয়া ভেলোয়ারপাড়া, বকশিয়াঘোনা ও বারবাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ‘মিড ডে মিল’ চালু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী জাহেদুল আলম চৌধুরী, শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইন, ওবায়দুল হাকিম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জোবাইর আহমদ।
মারুফুর রশিদ বলেন, দুপুরে বিরতির সময় শিক্ষার্থীদের প্রাথমিক ক্ষুধা নিবারণের জন্য সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে ‘মিড ডে মিল’ চালু করা হচ্ছে। ওই কর্মসূচির অংশ হিসেবে প্রাথমিকভাবে পেকুয়া উপজেলার সাত ইউনিয়নের সাতটি প্রাথমিক বিদ্যালয়কে বেছে নিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে।