পেকুয়ার ১৫ জেলে আড়াই মাস ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার ১৫ জেলে আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছেন। সাগরে মাছ ধরতে গিয়ে আর ফেরেননি তাঁরা। নিখোঁজ জেলে পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন পার করছেন।স্থানীয় লোকজন জানান, গত ২০ জানুয়ারি উপজেলার রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া ঘাট থেকে এফবি গোলছেহের নামের একটি ফিশিং ট্রলার নিয়ে ১৫ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে পাড়ি দেন।নিখোঁজ জেলেরা হলেন রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার আবদুর রহিম, সাহাব উদ্দিন, তাজের মুল্লুক, মো. এমরান, কামাল হোসেন, আবদুর রশিদ, জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মো. খোকন, মঞ্জুর আলম, মোস্তফা আলী, মোকতার আহমদ, মো. হোসেন, নবী হোসেন ও শাহাদাত হোসেন।ট্রলারের মালিক আবু তাহের বলেন, ‘ট্রলারটি ডুবে গেছে নাকি জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে, বিষয়টি এখনো নিশ্চিত হতে পারিনি।’ এত দিনেও প্রশাসনের সাহায্য নিচ্ছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, কোন এলাকায় নিখোঁজ হয়েছে, সেটি জানার পরই তো প্রশাসনের সাহায্য নিতে হবে।সুন্দরীপাড়ায় গিয়ে দেখা যায়, নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন। অর্থকষ্টেও রয়েছে পরিবারগুলো।আবুল কালামের স্ত্রী কাওসার জান্নাত (৩৫) বলেন, ‘মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে, তা-ও এখনো জানি না। ট্রলারের মালিকও কোনো সাহায্য করছেন না।’এ প্রসঙ্গে রাজাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘নিখোঁজের ছয় দিন পর এক পরিবার আমার কাছে এসেছিল। থানায় যেতে বলেছি। এখন দেখি কী করা যায়।’পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন আহমেদ বলেন, প্রশাসনের কাছে ট্রলারের মালিক কিংবা নিখোঁজ জেলেদের পরিবারের কেউ অভিযোগ নিয়ে আসেনি।