
কক্সবাজারের পেকুয়া উপজেলার ৫২ গ্রামে এখন জোয়ার-ভাটা চলছে। প্রতিদিন দুপুর ও রাতে জোয়ারের পানি ঢুকে অন্তত আড়াই হাজার ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। ২১ মে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উজানটিয়া, মগনামা ও রাজাখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার বাসিন্দাদের।
গত সোমবার দুপুরে উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়ার রিফুজিঘোনা গ্রামে গিয়ে দেখা যায়, জোয়ারের পানি ঢুকে লবণ মাঠ, চিংড়িঘের, সড়ক ও ঘরবাড়ি প্লাবিত হচ্ছে। মানুষ উঁচু জায়গায় অবস্থান নিয়েছে।
গ্রামের বাসিন্দা জিয়াবুল হক বলেন, জোয়ারের সময় মানুষ উঁচু জায়গায় অবস্থান নেয়। এরপর ভাটা হলে আবার ঘরে ফেরে। এভাবে রাতে একবার, দিনে আরেকবার মানুষকে যুদ্ধ করতে হয়। তারা রান্না করার জায়গা পাচ্ছে না। প্রশাসনের সরবরাহ করা খাবার খেয়ে কোনো রকম বেঁচে আছে।
শুধু করিয়ারদিয়া নয়, উজানটিয়া ইউনিয়নের ঘোষালপাড়া, ফেরাসিংগাপাড়া, কইড়াবাজার পাড়া, পশ্চিম উজানটিয়া, নয়াপাড়া, মিয়াপাড়া, ফকিরপাড়া, ভেলোয়ারপাড়া, মিয়াজীপাড়া, টেকপাড়া, মালেকপাড়া, রূপালী বাজারপাড়া, ঠান্ডারপাড়া, গুদারপাড়া, সুতাচুরা, নুরীরপাড়া, আতর আলীপাড়া ও পেকুয়ার চর গ্রামে নিয়মিত জোয়ার-ভাটা চলছে।
উজানটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী বলেন, উজানটিয়া ইউনিয়নের ৩০ কিলোমিটার বেড়িবাঁধের ১৮ কিলোমিটার বেড়িবাঁধ সম্পূর্ণ ও সাত কিলোমিটার আংশিক বিধ্বস্ত হয়েছে। মগনামা ইউনিয়নের বেড়িবাঁধসংলগ্ন পশ্চিম কূল গ্রামের ৩০টি বসতঘর পানিতে ভেসে গেছে। পশ্চিম কূল গ্রাম ছাড়াও মগনামার কাকপাড়া, কালারপাড়া, শরৎঘোনা, চেপ্টাখালী, সেকান্দরপাড়া, ডলইন্যাপাড়া, বিন্দারপাড়া, বাজারপাড়া, আবদুপাড়া, দিঘীরপাড়া, পুরাতন বহদ্দারপাড়া, রাহাইত্যারপাড়া, মরিচ্যাদিয়া, কোদাইল্যাদিয়া, চান্দেরপাড়া, জালিয়াপাড়া, নতুনঘোনা, বেদেরবিল পাড়া, সাতঘরপাড়া, নাপিতের দিয়া ও শুদ্ধখালী পাড়া প্লাবিত হচ্ছে।
জানতে চাইলে মগনামা ইউপির চেয়ারম্যান শরাফত উল্লাহ বলেন, উপকূলীয় বেড়িবাঁধ মেরামতের জন্য পাঁচ মাস আগে ১২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের গাফিলতির কারণে কাজ শুরু হয়নি। এ কারণে ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে পড়ে। অন্তত এক হাজার মানুষ এখন আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন।’
এদিকে ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে রাজাখালী ইউনিয়নের বদিউদ্দিপাড়া, বকশিয়াঘোনা, আমিন বাজার, মাতবরপাড়া, সুন্দরীপাড়া, চঁরিপাড়া, মৌলভীপাড়া, পালাকাটা, বামুলাপাড়া, নতুনঘোনা ও উলুদিয়াপাড়া গ্রামের মানুষও পানিবন্দী হয়ে পড়েছে। কোমরসমান পানি মাড়িয়ে তাঁরা দৈনন্দিন কাজ সারছেন।
রাজাখালী ইউপি চেয়ারম্যান ছৈয়দ নুর বলেন, রাজাখালী উপকূলীয় বেড়িবাঁধের পাঁচ কিলোমিটার বিধ্বস্ত হয়ে গেছে। পাঁচ শ ঘরবাড়ি সম্পূর্ণ ও ছয় শ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পক্ষ থেকে যা ত্রাণ দেওয়া হচ্ছে, তা অপ্রতুল। জরুরি ভিত্তিতে ত্রাণ তৎপরতা বাড়াতে হবে।
তবে বেড়িবাঁধের ক্ষয়ক্ষতি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্যের ফারাক রয়েছে।
পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘পেকুয়া উপজেলার উপকূলীয় বেড়িবাঁধের পাঁচ কিলোমিটার সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ১১ কিলোমিটার আংশিক ক্ষতি হয়েছে। জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ মেরামতে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’