পেকুয়ার ৯ সড়ক চলাচলের অনুপযোগী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় কক্সবাজারের পেকুয়া উপজেলার অভ্যন্তরীণ নয়টি সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে দুটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এগুলো হচ্ছে—শিলখালীর কাছারীমোড়া-বারবাকিয়া সওদাগর হাট সড়ক ও কাটাফাঁড়ি-উজানটিয়ার করিমদাদ মিয়ারঘাট সড়ক। সাম্প্রতিক বন্যায় সড়ক দুটি ভেঙে যায়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, ভাঙা সড়কগুলো নিয়ে জরিপকাজ চলছে। সংস্কার করতে আরও কয়েক মাস সময় লাগবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে উপজেলার কাটাফাঁড়ি-উজানটিয়ার করিমদাদ মিয়ার ঘাট সড়ক, পূর্ব গোয়াখালী-ছিরাদিয়া সড়ক, শিলখালীর কাছারীমোড়া-বারবাকিয়া সওদাগরহাট সড়ক, এতিমখানা-জারুলবনিয়া সড়ক, বারবাকিয়ার ফাঁশিয়াখালী-মৌলভিবাজার সড়ক, মগনামার ফুলতলা স্টেশন-কাজির মার্কেট সড়ক, পেকুয়ার মৌলভিপাড়া-বারবাকিয়া বাজার সড়ক, পশ্চিম গোঁয়াখালী রাবার ড্যাম-জালিয়াখালী সড়ক, টৈটং বাজার-বাঁশখালী সড়ক চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়ক দিয়ে যান চলাচল তো দূরের কথা, হাঁটতে গিয়েও দুর্ভোগের সীমা থাকে না। পূর্ব গোঁয়াখালী এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন, শাখাওয়াত হোছাইন ও জয়নাল আবেদীন জানান, পূর্ব গোঁয়াখালী সড়কটি কয়েক বছর ধরে সংস্কার করা হচ্ছে না। গত চারদলীয় জোট সরকারের আমলে পেকুয়ার বিভিন্ন এলাকার উন্নয়ন করা হলেও আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় সড়কটিতে কোনো কাজ করা হয়নি। শিলখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য বাদশা মিয়া অভিযোগ করেন, এতিমখানা থেকে জারুলবনিয়া স্টেশন পর্যন্ত সড়কটির দিকে কোনো সরকারই সুদৃষ্টি দেয়নি। শিলখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহেরুল ইসলাম জানান, সাম্প্রতিক বন্যায় কাছারীমোড়া-বারবাকিয়া পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক লন্ডভন্ড হয়ে গেছে। ওই সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হলে সড়কের তিনটি স্থান কেটে পানি সরানোর ব্যবস্থা করা হয়। তাঁর অভিযোগ, পরে সড়কটি সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে বারবার তাগাদা দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উজানটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ টি এম শহীদুল ইসলাম জানান, চার বছর আগে কাটাফাঁড়ি থেকে সোনালি বাজার পর্যন্ত সড়ক মেরামতের জন্য প্রায় কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার সড়কে ইট বসিয়ে (কার্পেটিং না করে) পালিয়ে যান। সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যার পানিতে ওই সড়কের কয়েকটি স্থানে ইট উঠে যায়। ধসে যায় সড়কের বিভিন্ন অংশ। ফলে এই সড়কেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। উজানটিয়া ইউনিয়নের সোনালিবাজার এলাকার ওসমান গনি, নুরুল আজিম ও ফেরাসিঙ্গাপাড়ার মীর মোহাম্মদ নাছির উদ্দিন জানান, এলাকায় কোনো স্বাস্থ্যকেন্দ্র নেই। যেকোনো রোগীকে উপজেলা সদরে নিয়ে যেতে হয়। কিন্তু সড়কের নাজুক অবস্থার কারণে এলাকায় কোনো রকম যানবাহন পাওয়া যায় না। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল আমিন জানান, সড়কের বেহাল দশার কারণে উজানটিয়াসহ বিভিন্ন এলাকায় দ্রুত যাতায়াতের ক্ষেত্রে পুলিশের সমস্যা হচ্ছে। কোনো অপরাধ তদন্ত কিংবা অপরাধী ধরতে যেতে হয় হেঁটে। এতে অনেক সময় অপরাধীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ ছাড়া নিয়মিত পুলিশি টহল দিতে গিয়েও সমস্যায় পড়ে পুলিশ। সূত্র জানায়, গত অর্থবছরে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত সাংসদ সাফিয়া খাতুন উজানটিয়ার সোনালী বাজার থেকে স্টিমার ঘাট পর্যন্ত সড়কের সংস্কারের জন্য প্রায় ৭৮ লাখ টাকা বরাদ্দ দেন। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারের গাফিলতির কারণে সড়কের সংস্কারকাজ চলছে ধীর গতিতে। তদারকি না থাকায় কাজের মান নিয়েও প্রশ্ন উঠছে। এলজিইডির উপসহকারী প্রকৌশলী হারু কুমার পাল জানান, পেকুয়া বাজার থেকে আরবশাহ বাজার, চড়াপাড়া থেকে বারবাকিয়া সওদাগর হাট, মগনামার আরএসডি থেকে মগনামা উচ্চবিদ্যালয়, কাটাফাঁড়ি থেকে সোনালীবাজার সড়কের সংস্কারের জন্য জরিপ কাজ চলছে। শিগগিরই ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব সড়ক পরিদর্শন করবেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন জানান, অতিরিক্ত লবণ বোঝাই ট্রাক চলাচলের কারণে মগনামার সড়কগুলো নষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘পেকুয়ার অভ্যন্তরীণ সড়কগুলোর বেহাল অবস্থার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’