পেকুয়ায় আতঙ্কের নাম কুকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বাসিন্দাদের কাছে উপদ্রব হিসেবে দেখা দিয়েছে বেওয়ারিশ কুকুর। গত দুই মাসে কুকুরের কামড়ে ১৭২ জন আহত হওয়ার পর এখন আতঙ্কে ভুগছেন উপজেলার বাসিন্দারা। আহত ব্যক্তিদের বেশির ভাগই শিশু।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে জলাতঙ্ক রোগের টিকা না থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন আহত ব্যক্তিরা। উপজেলা পরিষদের উদ্যোগে অতি দরিদ্র লোকজনের জন্য বিনা মূল্যে টিকা সরবরাহ করা হলেও এ সুবিধা সবাই পাচ্ছেন না।

আহত ব্যক্তিদের স্বজনেরা জানান, কুকুরের লালায় র‌্যাভিস ভাইরাসের জীবাণু থাকে বলে আহত ব্যক্তির জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য এ রোগের টিকা দেওয়া জরুরি। কুকুরের কামড়ে আহত ব্যক্তিকে পাঁচটি টিকা দিতে হয়। আর এতে খরচ পড়ে আড়াই হাজার টাকার মতো। নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের রোগীদের জন্য এই ব্যয় অত্যাধিক।

পেকুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গত ২০ নভেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত উপজেলার সাত ইউনিয়নের ১৭২ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে টৈটং ইউনিয়নে ৪৩ জন, রাজাখালী ইউনিয়নে ২৪ জন, শিলখালী ইউনিয়নে ১৭ জন, পেকুয়া সদর ইউনিয়নে ৪৭ জন, মগনামা ইউনিয়নে ৩০ জন ও বারবাকিয়া ইউনিয়নে ১১ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে শিশুর সংখ্যা সবচেয়ে বেশি। গত দুই মাসে ৬১ শিশু কুকুরের কামড়ে আহত হয়েছে। এরপর রয়েছেন বৃদ্ধরা। ৫০ বছরের অধিক নারী-পুরুষ আহত হয়েছেন ৫২ জন।

সর্বশেষ গত ১৯ জানুয়ারি উপজেলার টৈটং ইউনিয়নের কিরনছড়ি গ্রামে কুকুরের কামড়ে ১২ জন নারী-পুরুষ আহত হন।

গত ২৬ ডিসেম্বর দুপুরে পেকুয়া ইউনিয়নের পূর্ব গোয়াখালী গ্রামের শাহ জামাল (২৫) কুকুরের কামড়ে আহত হয়ে পেকুয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হন। হাসপাতালে টিকা না থাকায় বাজার থেকে কিনে দুই হাজার ৫০০ টাকায় পাঁচটি টিকা কিনেন তিনি।

পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ প্রথম আলোকে বলেন, ‘উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে টিকা না থাকায় দরিদ্র লোকজন চিকিৎসা করাতে পারেন না। এ বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর উপজেলা পরিষদে একটি তহবিল গঠন করি। গত দুই বছর ধরে ওই তহবিল থেকে দরিদ্র লোকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পূর্ণ বর্ধন বড়ুয়া প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে টিকা সরবরাহ করেনি। আক্রান্ত ব্যক্তিদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হয়। তবে পেকুয়া উপজেলা পরিষদ একটি তহবিল গঠন করে কুকুরের কামড়ে আহত দরিদ্র ব্যক্তিদের টিকা সরবরাহ করছে।