পেকুয়ায় একটি বাড়ি একটি খামার প্রকল্পের গরু বিতরণ
‘২০ হাজার টাকা দামের এই গরুটি (গাভী) আমাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। আমরা সবাই মিলে এটির যত্ন করব। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করব।’ পেকুয়ার উজানটিয়া ইউনিয়নের করিমদাদ মিয়া গ্রামের চাষি বাহার উদ্দিন (৪৫) বিনা মূল্যে গরু পেয়ে এভাবেই তাঁর অনুভূতি প্রকাশ করেন। পেকুয়ায় অবশেষে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় গরু বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলা পরিষদ চত্বরে উজানটিয়া ইউনিয়নে উপকারভোগী ২৫ পরিবারের হাতে গরু তুলে দেন একটি বাড়ি একটি খামার প্রকল্পের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই খাজা আলামীন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা নুরুল আলম মিয়াজী, উজানটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক তোফাজ্জল করিম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার চারটি ইউনিয়নের প্রকল্পের আওতায় পুনর্বাসনে ৩৮৪ জন দুস্থ মানুষের জন্য প্রায় ৩২ লাখ টাকা বরাদ্দ করা হয়। তালিকা তৈরি নিয়ে নেতাদের মধ্যে কোন্দল ও মামলার কারণে যথাসময়ে দুস্থদের মধ্যে গরু, হাঁস-মুরগি, টিন, বীজ ও চারা বিতরণ করা সম্ভব হয়নি। ইউএনও নুর-ই-খাজা আলামীন জানান, আওয়ামী লীগের কতিপয় নেতার কারণে প্রকল্পটি ভেস্তে যেতে বসেছিল।