পেকুয়ায় কেপিএলের আসর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর
কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালীর কাছারীমুড়া প্রিমিয়ার লিগের (কেপিএল) নবম আসরের খেলা আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে। এ লক্ষ্যে গত শুক্রবার কাছারীমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হয়েছে।
শিলখালী নবতরুণ সংঘের উদ্যোগে আয়োজিত নিলাম অনুষ্ঠান উদ্বোধন করেন কেপিএলের প্রধান উপদেষ্টা ও নবতরুণ সংঘের সাধারণ সম্পাদক এস এম হানিফ। মহাসচিব তানজিমুল ইসলামের পরিচালনায় নিলাম অনুষ্ঠানে বক্তব্য দেন উপদেষ্টা পরিষদের সদস্য প্রিয়তোষ কান্তি নাথ, এহেসানুল হক, কারিগরি উপদেষ্টা আমির আবদুল্লাহ ও কেপিএলের সভাপতি শাহেদুল ইসলাম। অনুষ্ঠানে জানানো হয়, এ আসরে ছয়টি দল খেলায় অংশগ্রহণ করছে। দলগুলো হলো ম্যাগপাই বয়েজ, ইলেভেন ব্লাস্টার্স, ক্রিকেট হিটলার্স, দ্য বুলস, ড্রাগন ক্রিকেট ও সুপার সিক্সার্স। উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে ড্রাগন ক্রিকেট ও ইলেভেন ব্লাস্টার্স।