পেকুয়ায় নতুন ১৪ জনকে তালিকাভুক্তির সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নতুন করে আরও ১৪ জনকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি। ২১ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটির সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে ১৮ ফেব্রুয়ারি যাচাই-বাছাই কমিটির সদস্যরা আবেদনকারীদের সাক্ষাৎকার নেন।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা যায়, মুক্তিযোদ্ধা হতে অনলাইনে আবেদন করেছিলেন পেকুয়ার ২৩ ব্যক্তি। এর মধ্যে সাক্ষাৎকার দিয়েছেন ১৬ জন। অনুপস্থিত ছিলেন নয়জন। বাদ পড়েছেন আবেদনকারীদের দুজন। বাকি ১৪ জনকে মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করতে সুপারিশ করা হয়। এ ছাড়া আগের তালিকাভুক্ত ১৬ জনকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে সুপারিশ করা হয়।
এর আগে ১৮ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও জেলা কমান্ডার মো. শাহজাহান, সদস্যসচিব ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব-উল করিম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য আক্তার আহাম্মদ, জেলা কমান্ডারের প্রতিনিধি মো. ইউছুফ, উপজেলা কমান্ডারের প্রতিনিধি ছিদ্দিক আহমদ প্রমুখ। তাঁদের সহযোগিতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ছাবের।
উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি ও কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, যাচাই-বাছাইয়ে কেউ সংক্ষুব্ধ হলে তাঁরা পরবর্তী সময়ে আপিল করতে পারবেন।
পেকুয়ার ইউএনও মো. মাহবুব-উল করিম প্রথম আলোকে বলেন, যাচাই–বাছাই কমিটিতে উপস্থিত হয়ে গেজেটভুক্ত ১৬ জন ও অনলাইনে আবেদন করা ব্যক্তিদের মধ্যে ১৬ জন সাক্ষাৎকার দিয়েছেন।