কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু শাস্তি রোধে গত বুধবার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জের ‘জনসম্পৃক্ততায় সামাজিক আচরণগত পরিবর্তন’ প্রকল্পের উদ্যোগে শিলখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইনের সভাপতিত্বে ইউপি কার্যালয়ে এ কর্মশালা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট (সিফরডি) বিশেষজ্ঞ শিরিন হোছাইন, সিফরডি কর্মকর্তা গীতা দাশ, ব্র্যাকের কক্সবাজার জেলা ব্যবস্থাপক রোনাল্ড চাকমা ও বাংলাদেশ বেতার কক্সবাজার শাখার সহকারী পরিচালক নুরুল আবছার। স্বাগত বক্তব্য দেন সিফরডি প্রকল্পের পেকুয়া উপজেলা ব্যবস্থাপক মুহাম্মদ সিরাজুম মুনীর।
কর্মশালায় বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু শাস্তির ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাকের প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন। বক্তব্য দেন শিলখালী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক দিদারুল ইসলাম, ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, সমাজসেবক বশির আহমদ, মোহাম্মদ কমরুদ্দিন প্রমুখ।—চকরিয়া প্রতিনিধি