পেকুয়ায় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে পুনর্বাসনে সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে পুনর্বাসনে সহায়তা করেছে মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন লাইন স্থাপনকারী ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য পাইপলাইন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড (পিইএএল)। এ উপলক্ষে গত মঙ্গলবার বিকেলে পেকুয়া উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পিইএএলের ব্যবস্থাপনা পরিচালক রিসাল মাহমুদের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মুরাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম।
ঘর নির্মাণে সহায়তার জন্য ১০০ পরিবার এক বান করে টিন পাবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষে তিন লাখ টাকার চেক গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ ছাড়া পিইএএলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের বিদ্যালয়ের পোশাক সরবরাহের জন্য ৫ লাখ ৬০ হাজার টাকা ও উপজেলার কেন্দ্রীয় পাঠাগারে বই সরবরাহের জন্য দুই লাখ টাকা প্রদান করা হয়। এদিকে পেকুয়া সদর ইউনিয়নে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের সময় ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারকে চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে স্থানীয় ইউপি সদস্য নুরুল হক এ চেক গ্রহণ করেন।