পেকুয়ায় সরকারি জমিতে ব্যবসায়ী সমিতির কার্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়ার কবির আহমদ চৌধুরী বাজারে সরকারি জমি দখল করে গড়ে তোলা হয়েছে ব্যবসায়ী সমিতির কার্যালয়। এখন ওই ভবন আরও বর্ধিত করা হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলাপে জানা যায়, সরকারি জায়গায় ২০০২ সালে পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের দোতলা কার্যালয়টি নির্মাণ করা হয়। তখন ব্যবসায়ী সমিতির দেখাদেখি আরও শতাধিক ব্যক্তি নির্মাণ করেন নানা স্থাপনা। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বাজারের সরকারি জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় শতাধিক ভবন উচ্ছেদ করে সরকারি জায়গা দখলমুক্ত করে। তখন ব্যবসায়ী সমিতির নেতারা প্রশাসনের নির্দেশে দোতলা ভবনের নিচের তলার দেয়াল ভেঙে শুধু ওপরের তলা রাখেন। ব্যবসায়ী নেতারা প্রশাসনের কাছে মৌখিক অঙ্গীকার করেন, অল্প সময়ের মধ্যে সরকারি জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র কার্যালয় করবেন। পরে নতুন সরকার ক্ষমতায় আসার পর আর কার্যালয় সরানো হয়নি।
সরেজমিনে দেখা গেছে, কবির আহমদ চৌধুরী বাজারের পানবাজার সড়কের পাশে সরকারি খাস জায়গায় ব্যবসায়ী সমিতির কার্যালয়টির অবস্থান। এখন ভবনটির নিচতলায় নতুন করে পাকা দেয়াল দেওয়া হয়েছে। সিঁড়ি নির্মাণ করে তৃতীয় তলার কাজ করা হচ্ছে। সেখানে পাঁচ-ছয়জন শ্রমিক এ নির্মাণকাজ করছেন। ২১ জানুয়ারি থেকে ভবনের বর্ধিত অংশের কাজ শুরু হয়েছে বলে জানান শ্রমিকেরা।
এ প্রসঙ্গে পেকুয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘ব্যবসায়ী সমিতির কার্যালয়ই অবৈধ। এটি সরকারি জায়গা। সমিতিকে জায়গাটি সরকারিভাবে বরাদ্দ কিংবা ইজারা দেওয়া হয়নি। এ কার্যালয়টি ২০০৭ সালে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা থাকলেও সরাননি ব্যবসায়ীরা। এখন নতুন করে স্থাপনা নির্মাণের বিষয়টি আমার জানা নেই। কার্যালয়টি উচ্ছেদে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।’
জানতে চাইলে পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি আকতার আহমদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভবনটি সরকারি জায়গায় হলেও জনস্বার্থে ব্যবহার হচ্ছে। এটি নিয়ে আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। ভবনের নিচতলায় গণশৌচাগারও করা হবে।’ অনুমতি আছে কি না, জানতে চাইলে তিনি দাবি করেন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েই ভবনটি বর্ধিত করা হচ্ছে। ২০০৭ সালে ভবন সরিয়ে নেওয়ার অঙ্গীকারের ব্যাপারে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তখন যাঁরা কিমটিতে ছিলেন, তাঁরাই ভালো বলতে পারবেন।’
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুর রশিদ খান বলেন, ‘আমার কাছ থেকে কেউ অনুমতি নেননি। বিষয়টি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের পাঠিয়ে সরকারি জায়গায় ভবন নির্মাণের কাজ বন্ধ করা হবে।’