পেকুয়ায় 'নারীবান্ধব সেবাকেন্দ্র' চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে কক্সবাজারের পেকুয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে ‘নারীবান্ধব সেবাকেন্দ্র’ চালু করা হয়েছে। গত বৃহস্পতিবার সকালে ওই সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়। এটি পরিচালনা করবে স্বেচ্ছাসেবী সংস্থা রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট ইন্টারন্যাশনাল (আরটিএমআই)।
সেবাকেন্দ্র উদ্বোধন উপলক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিক উল্লাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফুর রশিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মুজিবুর রহমান এবং আরটিএমআইয়ের মাঠ সমন্বয়কারী নাসরিন আকতার। নাসরিন আকতার বলেন, সেবাকেন্দ্রে একজন নারী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ ছাড়া যেকোনো মুহূর্তে ফোনে সেবা পেতে ০১৯২৬৯০২৩৩১ নম্বরে যোগাযোগ করতে হবে।
এ সেবাকেন্দ্রর মাধ্যমে সহিংসতার শিকার হওয়া নারীর পাশে দাঁড়ানো হবে। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার পদ্ধতি সম্পর্কে ধারণা এবং গর্ভবতী নারীর স্বাস্থ্যসেবার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
ইউএনও মারুফুর রশিদ বলেন, নারীদের জন্য এ সেবাকেন্দ্র নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করবে। যেকোনো জরুরি মুহূর্তে নারীরা এ সেবাকেন্দ্র থেকে সহযোগিতা ও পরামর্শ চাইতে পারবেন।