পেঙ্গুইন ছাপল সাজিয়ার বই
চিঠি লিখতে ভালোবাসেন মেয়েটি। একসময় উচ্চশিক্ষার্থে পাড়ি দেন বিদেশে। বেড়ে যায় চিঠি লেখার পরিমাণ। দেশে থাকা প্রিয় মানুষগুলোকে লিখতে থাকেন হাজার হাজার চিঠি। এভাবেই শুরু হয় লেখালেখি। ফেরত আসেন বিদেশ থেকে। চোখে পড়ে দেশের নানা অসংগতি। বিশেষ করে বন্ধুদের মাদকাসক্তির বিষয়টি তাঁকে ভাবনায় ফেলে দেয়। আবার কেউ কেউ ফিরে আসে নতুন জীবনে। হতাশা কাটিয়ে আশা-আকাঙ্ক্ষা নিয়ে বেঁচে থাকার গল্প লিখে ফেলেন তিনি। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই নামের এ উপন্যাসটি প্রকাশিত হয় বিশ্বখ্যাত প্রকাশনী সংস্থা পেঙ্গুইন (ভারত) থেকে। যাঁকে ঘিরে এত কথা সেই লেখক হলেন সাজিয়া ওমর। বাঙালি নারীদের মধ্যে তাঁর বই-ই প্রথম প্রকাশিত হয় পেঙ্গুইন থেকে। কিন্তু পেঙ্গুইনের সঙ্গে তাঁর যোগাযোগ ঘটে হঠাত্ করেই। তখন শুধু গল্পটাই তাঁর মাথায় ঘুরছিল। সুযোগ আসে ২০০৭ সালে। ইন্দো-বাংলা গ্রন্থ উত্সবের আয়োজন করেন লুবনা মরিয়াম, নিয়াজ জামান ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি। এর সঙ্গে যুক্ত ছিলেন সাজিয়া ওমরও। সেখানে পেঙ্গুইনও (ভরত) অংশ নেয়। মনের গল্পটি সেখানেই তাঁদের জানান। সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। গত বছরের আগস্টে বইটির মোড়ক উন্মোচন হয়। নিজের উপন্যাসের কোন চরিত্রটি তাঁর ভালো লাগে জানতে চাইলে হেসে ফেলেন। বলেন, ‘সবই আমার সৃষ্টি। তবে ফালানি চরিত্রটি বেশি ভালো লেগেছে। মাদক বিক্রির মতো জঘন্য কাজ করে সে। হতদরিদ্র এই মহিলা কিন্তু ব্যক্তিগত জীবনে সুখী। আল্লাহর ওপর তার প্রচণ্ড বিশ্বাস। অপরদিকে নিজের সন্তানকে পাগলের মতো ভালোবাসে। একটি চরিত্রের কত রূপ।’ স্কলাস্টিকা স্কুল থেকে এ লেভেল পাস করে নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে পড়াশোনার পাট চুকিয়ে ফেলেন। কাজ করেন বিনিয়োগ ব্যাংকার হিসেবে। এ ছাড়া সাজিয়া একজন মনোবিজ্ঞানীও। চার বছর ধরে তিনি বাংলাদেশে অবস্থান করছেন। বর্তমানে একটি উন্নয়ন সংস্থায় কাজ করছেন। পাশাপাশি আমাজন ক্লাবে যোগাসনও শেখান সাজিয়া। এ কাজটি তিনি খুব উপভোগ করেন। তবে জীবনের ধ্যান-জ্ঞান সব তাঁর লেখাকে ঘিরেই। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই তাঁর স্বপ্নের নাম। প্রথম বইও এটি। পরিবার ও বন্ধুদের অনুপ্রেরণাতেই এ কাজটি সম্ভব করতে পেরেছেন। স্বামী ও দেড় বছর বয়সী ছোট্ট মেয়েকে নিয়ে সুখী সংসার তাঁর। ‘রাইটার ব্লকার্স’-এর অন্যতম সদস্য তিনি। তাঁর মতে, ‘তরুণদের নিয়ে আরও বেশি লেখা উচিত। তাতে করে তারা অনুপ্রাণিত হবে। অসংগতিগুলো প্রকাশ পাবে। সমাধানের পথও খুঁজে পাওয়া যাবে। তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস আমাদেরই দিতে হবে।’ এ দেশে মাদক, এইডসসহ এখন অনেক বিষয় ছেলেমেয়েদের কাছে গোপন করা হয়, যা ঠিক নয়। খোলাখুলি আলোচনা করলে তারা বুঝতে পারবে এর কুফল। ফলে তারা বিপথগামী হবে না। বিদেশে আর ফিরতে চান না সাজিয়া। দেশের মানুষের জন্য কাজ করতে চান। দেশেই এখন অনেক কিছু করার আছে। তবে তাঁর পুরো স্বপ্নই লেখালেখিকে ঘিরে। ভবিষ্যতে একজন লেখক হিসেবেই বেঁচে থাকতে চান তিনি।