একচিলতে ফুটবল মাঠের চারপাশে অগুনতি মানুষের ভিড়। ক্যামেরার শাটার পড়ছে একের পর এক। কিছুক্ষণ পরই শুরু হয়ে যাবে খেলা। খেলোয়াড়দের নিয়ে দর্শকের মাঝে বাড়াবাড়ি রকমের উৎসাহ। হবেই বা না কেন? তাদের প্রিয় দল দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে একদল পেঙ্গুইন নেমেছে ফুটবল খেলতে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে এমন অবাক করা ঘটনা সবার মধ্যে সাড়া জাগাবে, এটাই তো স্বাভাবিক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে কিছুটা দূরে এভারল্যান্ড অ্যাকুরিয়াম। এখানেই পেঙ্গুইনদের নিয়ে বসেছে ফুটবল খেলার আসর। খেলায় খুব একটা দক্ষ নয় তারা। গদাই-লশকরি চালে বল নিয়ে ছোটে গোলপোস্টের দিকে। একদম গোলমুখে গিয়ে কী যে হয়, সব ভুলে চড়ে বসে ফুটবলের ওপর। তারপর আর নড়াচড়ার নামটি নেই। এলোমেলো দিকে বল চলে গেলেও ভাবান্তর নেই কারও মধ্যে। মাঝেমধ্যে এমনো হয়, ফুটবল ফেলে সব ভুলে তারা বসে থাকে এক কোনায়। কিন্তু তাই বলে দর্শকের আগ্রহের কমতি হয় না। পেঙ্গুইনরা বল নিয়ে ছুটলেই শুরু হয় দর্শকের চিৎকার। আর পেঙ্গুইনরাও নিরাশ করে না সব সময়। কখনো কখনো ধুম করে ঠিক ঠিক কিক মেরে গোল করে বসে।শুরু হয়ে গেছে বিশ্বকাপ ফুটবল। সপ্তমবারের মতো বিশ্বকাপ খেলছে দক্ষিণ কোরিয়া। এবার তাদের অবস্থান গ্রুপ ‘বি’তে। সঙ্গে রয়েছে নাইজেরিয়া, গ্রিস ও আর্জেন্টিনা। আদতে প্রতিপক্ষদের কঠিন মনে হলেও এসব নিয়ে ভাবছে না কোরিয়া। এবার তারা যেতে চায় আরও দূরে। দক্ষিণ কোরিয়ার সমর্থকেরাও খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে। নানা কাজের মাধ্যমে নিজ দলে উৎসাহ জোগাচ্ছে। নিজেদের রেড ডেভিল বলে দাবি করা এসব সমর্থকের একজন লি কুয়াং হি। তিনিই পেঙ্গুইনদের নিয়ে শুরু করেছেন ফুটবল খেলার আসর। সময় নিয়ে শিখিয়েছেন কীভাবে বলে কিক মারতে হয়, ছুটে যেতে হয় গোলপোস্টের দিকে। পেঙ্গুইনদের গায়ে চড়িয়েছেন জাতীয় দলের লাল জার্সি। ৩৩ বছর বয়সী লি কুয়াং বলেন, ‘একদল দক্ষ পেঙ্গুইন নিয়ে গড়েছি আমার এই দল। আশা করি আমার এই কাজ জাতীয় দলকে উৎসাহ জোগাবে বিশ্বকাপের ফাইনালে যেতে।’ বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া যেমনই খেলুক না কেন, সমর্থকদের উৎসাহ এখন তুঙ্গে। সে জন্যই পেঙ্গুইন নিয়ে নামা হয়েছে মাঠে। এই খেলা ভালো লাগবে সবার। রথ দেখা আর কলা বেচার মতো এখানে বিনোদনের পাশাপাশি দেশের মানুষের ফুটবল দলের প্রতি সমর্থন বাড়বে। এ জন্য অবশ্য কম খাটতে হয়নি। পেঙ্গুইনদের পেছনে ব্যয় করতে হয়েছে অনেকটা সময়।ওদেকে শেখাতে হয়েছে নানা কসরত। ছোট ছোট পা দিয়ে তারা লাথি মারে বলে। গোলপোস্ট তাক করে দৌড়ায় সবাই। এ সহজ কর্ম নয়। আর এই কঠিন কাজটি সম্ভব হয়ে উঠেছে লির কঠোর পরিশ্রমের সুবাদে।পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি। চেষ্টা করলে সব কাজে সফল হওয়া সম্ভব। লি-কুয়াংয়ের চেষ্টায় পেঙ্গুইনগুলো তা করে দেখিয়েছে। এসব দেখে আশায় বুক বাঁধে জাতীয় দলের সমর্থকেরা। দক্ষিণ কোরিয়া ফাইনালে যাক, এটাই তাদের চাওয়া। সমর্থকেরা একটু-আধটু পাগলামি না করলে কি আর খেলা জমে? তাই তো নিত্যনতুন শোনা যায় আজব সব খবর। চাঙা হয়ে ওঠে সবাই। কিছুতেই যে এই ফুটবল-পাগল মানুষগুলোর উৎসাহে ভাটা পড়বে না, তা বোঝা যায় সহজেই। হয়তো অচিরেই শুরু হবে পেঙ্গুইনদের নিয়ে বিশ্বকাপ। ফুটবলে কত কী-ই না হয়।কিঙ্কর আহ্সানওয়েবসাইট অবলম্বনে