
সংসারের অশান্তির সমার্থক শব্দ ‘গৃহদাহ’। সাহিত্যরসিক অনেকেই হয়তো এ শব্দ শোনামাত্র হারিয়ে যাবেন শরৎ রচনাবলিতে। মানুষ ছাড়া আর কোনো প্রাণীর ঘরেও যে অশান্তির আগুন জ্বলতে পারে, তা খুব সম্ভবত কারও মনেই আসবে না। এ বিশ্বে আরও সংসারী প্রাণী রয়েছে, তার প্রমাণ প্রাণিবিজ্ঞানীরা এরই মধ্যে দিয়েছেন। এই যেমন পেঙ্গুইন। আর যেখানে সংসার, সেখানেই কমবেশি ‘দাহ থাকা স্বাভাবিক’।
তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক সম্প্রতি দুই পেঙ্গুইনের ঝগড়া ও মারামারির যে ভিডিও প্রচার করেছে, তাকে বলা হচ্ছে ২০১৬ সালের সবচেয়ে আবেগময় ও ভীতিকর গৃহদাহ।
প্রায় তিন মিনিটের ভিডিওটিতে দেখা যায়, কোনো এক সাগরতীরে অসংখ্য পেঙ্গুইন ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে হঠাৎ তীর থেকে কিছুটা দূরে দুটো পেঙ্গুইন প্রচণ্ড মারামারি আর বাগ্যুদ্ধে ব্যস্ত। তারা এতটাই ক্ষিপ্ত ছিল যে প্রতি সেকেন্ডে একে অপরকে আটবার করে আঘাত করছিল। ন্যাশনাল জিওগ্রাফিকের ভাষ্যমতে, একটা পেঙ্গুইন সাগরতীর থেকে বাড়ি ফিরে দেখে, তার স্ত্রীর সঙ্গে অন্য কেউ। আর যায় কোথায়! আগন্তুকের ওপর রীতিমতো ঝাঁপিয়ে পড়ে স্বামী।
ভিডিওটিতে একটা পর্যায়ে দেখা যায়, একটা মেয়ে পেঙ্গুইন এসে ঝগড়ারত দুই পুরুষ পেঙ্গুইনের একজনের পাশে দাঁড়িয়েছে। ন্যাশনাল জিওগ্রাফিকের ওই প্রতিবেদনে বলা হয়, স্ত্রী পেঙ্গুইনটি আসলে আগন্তুক পেঙ্গুইনের প্রেমিকা। সে এখন তার সঙ্গে ঘর বাঁধতে চায়। স্বামীকে তা সরাসরি জানিয়ে দিতে ওভাবে আগন্তুকের পাশে গিয়ে দাঁড়িয়েছে।
ভিডিওর একপর্যায়ে দেখা যায়, আগন্তুক পেঙ্গুইনের সঙ্গে স্ত্রী পেঙ্গুইনটি তার বাড়িতে যাচ্ছে। প্রথমে তেমন একটা বাধা না দিলেও তাদের পেছন ধরে স্বামী। সেখানে যেই না নতুন সংসারে অর্থাৎ আগন্তুকের গর্তে ঢুকেছে স্ত্রী পেঙ্গুইনটি, তখন আবার নিজের ওপর নিয়ন্ত্রণ হারায় স্বামী পেঙ্গুইন। ক্ষিপ্ত হয়ে আবারও আগন্তুকের ওপর ঝাঁপিয়ে পড়ে। একটা পর্যায়ে সে বুঝতে পারে, তার ভাঙা সংসার জোড়া লাগার আর কোনো সম্ভাবনা নেই। শারীরিক অঙ্গভঙ্গিতে বোঝা যায়, স্বামীটি তার স্ত্রীকে শেষবারের মতো ঘরে ফেরার আবেদন জানাচ্ছে। কিন্তু তাতেও কোনো কাজ হয় না। ভগ্নহৃদয়ে সে নিজের ঘরে ফিরতে শুরু করে। সংসার ভেঙে যাওয়ায় সে এতটাই দিগ্ভ্রান্ত হয়ে পড়েছিল যে ছোট একটা গাছের চিকন ডালের সঙ্গে হোঁচট খেয়ে পড়ে যায়। তারপর আবার উঠে হাঁটতে শুরু করে।
ন্যাশনাল জিওগ্রাফিকের দেওয়া তথ্যমতে, ওই সাগরতীর এলাকায় আড়াই লাখের বেশি পেঙ্গুইনের বাস। এদের মধ্য থেকে খুব সহজেই স্বামী পেঙ্গুইন নিজের নতুন সঙ্গী খুঁজে নিতে পারে। কিন্তু ঘটনার সূচনা থেকেই সে সংসার টিকিয়ে রাখতে মরিয়া ছিল।