পেছন ফিরে ২০১০
২০১০ ছিল একটি ঘটনাবহুল বছর। নিচের তালিকার বাইরেও ঘটেছে আলোড়ন তোলা অনেক কিছু। এর মধ্যে আছে আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগু্নৎপাত, ইরানের প্রথম পরমাণু চুল্লি চালু, মস্কোর পাতাল রেলে বোমা, উত্তর কোরিয়ার রাজনৈতিক উত্তরাধিকারী মনোনয়ন, ফ্রান্সের বিক্ষোভ, অ্যান্টার্কটিকায় বিশাল হিমশৈল ভাঙার মতো অনেক ঘটনাজুলিয়ান অ্যাসাঞ্জের তুলকালামঅস্ট্রেলীয় নাগরিক বিকল্পধারার সাংবাদিক জুলিয়ান অ্যাসাঞ্জকে ২০১০ সালের সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব বললে একবিন্দু বাড়িয়ে বলা হবে না। বিশ্বজুড়ে সরকারগুলোর—বিশেষ করে যুক্তরাষ্ট্রসহ ‘দাদাগিরি’ ফলানো লোকদের—ঘুম হারাম করেছেন অ্যাসাঞ্জ। গত জুলাইয়ে তাঁর উইকিলিকস আফগানিস্তানে অভিযান সম্পর্কিত ৭৭ হাজার গোপন মার্কিন সামরিক নথি প্রকাশ করে। অক্টোবরে ছাড়ে ইরাকযুদ্ধ-সংক্রান্ত আরও চার লাখ গোপন নথি। নথিগুলো ছিল দেশ দুটিতে বেসামরিক মানুষের ওপর মার্কিন সেনাদের নির্যাতন-নিপীড়ন ও বেসামরিক প্রাণহানি-সংক্রান্ত বহু স্পর্শকাতর অপ্রকাশিত তথ্যে ভরা। এরপর উইকিলিকস আরও বড় বিস্ফোরণ ঘটায় নভেম্বরে। বিশ্বের বিভিন্ন দেশ সম্পর্কে মার্কিন কূটনীতিকদের দুই লাখের বেশি ‘কেবল বার্তা’ প্রকাশ করে তারা। এর মধ্যে আছে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে সৌদি আরবসহ আঞ্চলিক মিত্রদের অনুরোধ থেকে শুরু করে বাংলাদেশের কয়লাখনি নিয়ে মার্কিন ‘চাপপ্রয়োগ’ পর্যন্ত বহু তথ্য। একুশ শতকে রাষ্ট্রের ‘গোপন তথ্য’ গোপন রাখার অধিকার নিয়ে প্রশ্নের অবতারণা করেছে উইকিলিকস। জুলিয়ান অ্যাসাঞ্জকে এক যৌন হয়রানি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। অ্যাসাঞ্জ বলছেন, এই মামলা উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য তাঁর মুখ বন্ধ করা। চিলির খনিশ্রমিকদের ‘অলৌকিক’ উদ্ধার৫ আগস্ট চিলির ৩৩ জন খনিশ্রমিক সুড়ঙ্গপথ ধসে মাটির দুই হাজার ৩০০ ফুট নিচে আটকা পড়েন। চিলির আটাকামা মরুভূমির সানজোমেতে এ ঘটনা ঘটে। তাঁদের উদ্ধারে চালানো হয় নজিরবিহীন এক অভিযান। সারা বিশ্বের অগণিত মানুষ প্রতিনিয়ত নজর রেখেছেন এর ঘটনাপ্রবাহের ওপর। দীর্ঘ ৬৯ দিন চেষ্টার পর উন্নত প্রযুক্তি ও দক্ষতার সর্বোৎকৃষ্ট ব্যবহার আর সর্বোপরি অপরিসীম সংকল্পের জোরে নিরাপদে পৃথিবীর বুকে তুলে আনা হয় ওই শ্রমিকদের। যুক্তরাষ্ট্র থেকে এ জন্য প্রাযুক্তিক সহায়তা দেওয়া হয়েছিল। তার পরও চিলির মতো একটি দেশে এ রকম দুরূহ কাজে সাফল্য সবাইকে চমৎকৃত করে। পাকিস্তানের ভয়াবহ বন্যাইতিমধ্যেই জঙ্গিবাদ, অকার্যকর বেসামরিক প্রশাসন ও আর্থিক সংকটে জেরবার পাকিস্তানবাসীর ওপর মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে গত জুলাইয়ে দেখা দেয় ভয়াবহ মৌসুমি বন্যা। বলা হয়েছে, দেশটিতে এ রকম বন্যা প্রায় নজিরবিহীন। সিন্ধু নদের কূল উপচে এই বন্যা হয়। দেশটির এক-পঞ্চমাংশ তলিয়ে যায় এতে। দুই কোটি মানুষ বাড়িঘর হারায়। সেই সঙ্গে প্রাণ হারায় দুই হাজার। গবাদিপশু মরেছে প্রায় এককোটি। দেশটির মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় চার হাজার ৩০০ কোটি ডলার। উত্তর-দক্ষিণ কোরিয়ার দ্বন্দ্বমার্চে দুই কোরিয়ার মধ্যবর্তী জলসীমায় দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কোরীয় উপদ্বীপ। সেই থেকে সামরিক মহড়াসহ নানা বিষয় নিয়ে বছর ভরে উত্তেজনা চলে। যার শেষ পর্যায়ে দক্ষিণ কোরিয়ার একটি দ্বীপে গোলাবর্ষণ করে উত্তর কোরিয়া। এতে চার দক্ষিণ কোরীয় প্রাণ হারায়। দক্ষিণ কোরিয়াও জবাবে কিছু গোলা ছোড়ে। বলা হয়, পঞ্চাশের দশকে কোরীয় যুদ্ধ অবসানের পর থেকে সীমান্তে এ মাত্রার যুদ্ধ-তৎপরতা হয়নি। এর আগে মার্চে দক্ষিণ কোরীয় জাহাজ চেওনান ডুবে গেলে ৪৬ নাবিক প্রাণ হারিয়েছিল। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার এক টর্পেডোর আঘাতেই চেওনানের ওই পরিণতি হয়। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপআফ্রিকা মহাদেশে প্রথম বিশ্বকাপ ফুটবল হয়েছে এ বছর। শুরুর আগে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিশ্বকাপ আয়োজনে আফ্রিকানদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। আয়োজক দেশটির নতুন স্টেডিয়ামগুলোর নির্মাণকাজ সময়মতো শেষ হবে কি না, দেশটির বিমানবন্দর, রেল-বাস, হোটেলসহ অবকাঠামো লাখ লাখ ফুটবলপ্রেমীর চাপ সামলাতে পারবে কি না এ নিয়ে প্রশ্ন ছিল অনেকের। ছিল নিরাপত্তার প্রশ্নও। কিন্তু সব শঙ্কার মুখে ছাই দিয়ে দক্ষিণ আফ্রিকা এ যাবৎকালের অন্যতম সেরা একটি বিশ্বকাপ ফুটবলের আসর উপহার দেয়। স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে এবারের আসরটি শেষ হয় ১২ জুলাই।হাইতির প্রলয়ংকরী ভূমিকম্প১২ জানুয়ারি নানা সমস্যায় জর্জরিত দেশ হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প না হলেও এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অবিশ্বাস্য। মুহূর্তের মধ্যে ১০ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়ে। দুই লাখ ৩০ হাজার মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ আহত হয়। তবে আন্তর্জাতিক বিশ্ব দ্রুত সাড়া দেওয়ায় পরিস্থিতি অপেক্ষাকৃত কম সময়ের মধ্যেই মোটামুটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।থাইল্যান্ডে লাল শার্টদের বিক্ষোভথাইল্যান্ডে ‘লাল শার্ট’ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী আপিসিত ভেজ্জাজিভার বিরুদ্ধবাদী আন্দোলনকারীরা সরকার উৎখাতের লক্ষ্যে রাজধানীতে এপ্রিল থেকে মে পর্যন্ত একটি বড় ধরনের বিক্ষোভ করে। দেশটির গ্রামাঞ্চলের দরিদ্র মানুষ ও বামপন্থী বেশ কয়েকটি সংগঠনের একটি জোট হলো এই লাল শার্টধারীরা। এরা মূলত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থক। আপিসিত সরকার কঠোর হাতে বিক্ষোভ দমন করে। পুলিশ ও সেনাদের অভিযান ও সংঘর্ষে দুই মাসে ৯১ জন নিহত হয়।সু চির মুক্তিমিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিকে দেশটির সামরিক জান্তা সরকার এ বছরের ১৩ নভেম্বর মুক্তি দিয়েছে। গত ২১ বছরের মধ্যে এই সংগ্রামী নারীকে ১৫ বছরই গৃহবন্দী রাখা হয়। নানামুখী চাপে পড়ে জান্তা সরকার সু চিকে মুক্তি দেয়। মুক্তির পর দেওয়া এক ভাষণে সু চি গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন। সম্ভবত কৌশল হিসেবেই জান্তার প্রতিও তাঁর সুর কিছুটা নরম। ইউরোপের ব্যয় সংকোচনঅর্থনৈতিক মন্দার প্রভাবে ইউরোপীয় ইউনিয়ন ব্যয় সংকোচননীতি গ্রহণ করে। সংস্থার অন্তর্ভুক্ত দেশগুলো রাষ্ট্রীয় খাতে সুযোগ-সুবিধা কমিয়ে আনার উদ্যোগ নেয়। ব্যাংক সুদের হার কমানোয় গত মে মাসে গ্রিসে লাখ লাখ মানুষ বিক্ষোভ প্রদর্শন করে। ফ্রান্সে অবসর গ্রহণের বয়স দুই বছর বাড়ানোয় ধর্মঘটে অচল করে দেওয়া হয় নগর-শহর। লন্ডনে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার বার্ষিক বাজেট থেকে অক্টোবরে ১২৮ বিলিয়ন ডলার হ্রাসের ঘোষণা দেয়। মেক্সিকো উপসাগরে তেলের খনি বিপর্যয়২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেক্সিকো উপসাগরে তেল উত্তোলনকারী কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়ামের (বিপি) কাজ চলাকালে রিগে এক বিস্ফোরণে ১১ শ্রমিক প্রাণ হারান। পুরো উপসাগরে অশোধিত তেল ছড়িয়ে পড়তে থাকে। পাঁচ মাসের চেষ্টার পর সেপ্টেম্বরে তেল নিঃসরণ বন্ধ করা সম্ভব হয়। কিন্তু তত দিনে প্রাণী, উদ্ভিদসহ পরিবেশের বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। বলা হয়েছে, এটি মার্কিন কোনো তেল কোম্পানির সবচেয়ে বড় দুর্ঘটনা এবং দেশটির ইতিহাসের বৃহত্তম পরিবেশ দূষণের ঘটনা। ওই বিস্ফোরণে ২০৫ মিলিয়ন গ্যালন খনিজ তেল মেক্সিকো উপসাগরে ছড়িয়ে পড়ে। তেল যথাসম্ভব অপসারণ করা হয়েছে বলে বিপি দাবি করলেও গবেষকেরা বলেছেন, ছড়ানো তেলের ৭০ শতাংশই হয়তো আরও দীর্ঘ সময় সমুদ্রপৃষ্ঠে থেকে যাবে, যার প্রভাব হবে সুদূরপ্রসারী।