পেছনে লাগা
ঘটনাটা আমার ভাই অর্ণবকে নিয়ে। ও আমার থেকে পাঁচ বছরের বড়। দাদাভাই একটু বোকাসোকা টাইপের। কবিতা ওর খুব প্রিয়। প্রায়ই গুনগুন করে ‘কাজলা দিদি’ কবিতা আবৃত্তি করে। দাদাভাইয়ের একটা ফাজিল টাইপের বন্ধু ছিল। তখন দাদাভাই মেসে থাকত। একদিন ওর রুমের পাশের ড্রেন দিয়ে বিকট দুর্গন্ধ আসছিল। রাতে ঘুমানো যায় না এমন অবস্থা। আসলে ওটা ছিল টয়লেটের গন্ধ। কোনোমতে ওই ফাজিল বন্ধুটি এ ঘটনাটা জেনে ফেলে। পরের দিন কলেজে সারাক্ষণ তার ওই বন্ধুটি কানের কাছে এসে বলছিল, ‘টয়লেটের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই।’ দুই দিন টানা এই কথা শোনার পর দাদাভাই অতিষ্ঠ হয়ে হেডস্যারের কাছে বিচার জানাতে গেল। তার ওই বন্ধুটিও পিছু পিছু গেল। দাদাভাই হেডস্যারকে বলল, ‘স্যার, ও সারাক্ষণ আমার পেছনে লেগে থাকে।’ ওই বন্ধুটি বলল, ‘স্যার ও যদি আমার সামনে থাকে, তাহলে আমি ওর পেছনে থাকব না?’ দেবযানী ঘোষ দুর্গাবাড়ি, ময়মনসিংহ।