পেছনের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫০ সালে এশিয়া মহাদেশের প্রান্তে নতুন এক সংঘাতের সূচনা হয়। নবোদ্ভিন্ন রুশ-মার্কিন স্নায়ুযুদ্ধ রূপ নেয় সত্যিকারের যুদ্ধে। কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন এবং তার মিত্র উত্তর কোরিয়া ও চীনের বিরুদ্ধে অবস্থান নেয় যুক্তরাষ্ট্র তার মিত্র দেশগুলো। কোরিয়া যুদ্ধে কমপক্ষে ২০ লাখ বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হয়। ১৯৫৩ সালের ২৭ জুলাই যখন অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়, তখন হয়তো কোনো পক্ষই ভাবতে পারেনি যে, ৫০ বছর পরেও দুই কোরিয়া কার্যত যুদ্ধে লিপ্ত থাকবে। স্থায়ীভাবে ওই যুদ্ধের ফয়সালা হয়নি। উত্তর ও দক্ষিণ কোরিয়া কখনো কোনো শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি।কোরীয় উপদ্বীপের ওপর প্রভাব বিস্তারের জন্য দীর্ঘদিন থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল চীন, জাপান ও সোভিয়েত ইউনিয়ন। ১৯১০ সালে আনুষ্ঠানিকভাবে কোরিয়াকে নিজেদের উপনিবেশে পরিণত করে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের মাত্র সাত দিন আগে পরিবর্তিত পরিস্থিতির সুযোগে কোরিয়ায় প্রবেশ করে সোভিয়েত ইউনিয়ন। পরে একসময় কোরিয়ার বিভক্তিতে সম্মত হয় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। সাবেক গেরিলা নেতা কিম ইল-সুংয়ের নেতৃত্বে উত্তর কোরিয়ায় কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করে সোভিয়েত ইউনিয়ন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ায় পশ্চিমী গণতান্ত্রিক কায়দার নির্বাচন দেয় যুক্তরাষ্ট্র।সবকিছুর পরও কোরিয়া উপদ্বীপের পুনরেকত্রীকরণ চায় দুই পক্ষই। তবে তাদের চাওয়ার মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে।