শল্যচিকিৎসার অগ্রগতির একটি উদাহরণ হলো ল্যাপারোস্কপি বা মিনিমাল অ্যাকসেস সার্জারি। রোগীরা প্রায়ই চান, পেট না কেটে যন্ত্র দিয়ে অস্ত্রোপচার করা যায় কি না। কিন্তু জানতে হবে কখন কোন ক্ষেত্রে এটা সফলতা বয়ে আনবে।
পিত্তথলির পাথর অপসারণে এই অস্ত্রোপচার সবচেয়ে জনপ্রিয়। এ ছাড়া বর্তমানে পায়ুপথের ক্যানসার অস্ত্রোপচারে, জরায়ু বা ডিম্বাশয়ের নানা সমস্যায়, মূত্রতন্ত্রের সমস্যা হলে বিশেষজ্ঞ শল্যবিদ এই পদ্ধতি অবলম্বন করে থাকেন।
ল্যাপারোস্কপি সার্জারিতে পুরো পেট না কেটেই অস্ত্রোপচার করা যায়। কাটা দাগ কম থাকে। সাধারণ অস্ত্রোপচারের তুলনায় দ্রুত স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসা যায়। হাসপাতালে বেশি দিন থাকার দরকার পড়ে না। এতে ছিদ্র দিয়ে ক্যামেরা প্রবেশ করিয়ে পেটের ভেতর দেখা হয়, যা সুন্দরভাবে সব অঙ্গের ছবি দেখায়। ফলে খুব কম কাটাছেঁড়া করেও কাঙ্ক্ষিত অস্ত্রোপচার নিখুঁতভাবে করা সম্ভব।
ক্যানসারের ক্ষেত্রে ব্যবহার করতে হলে সাধারণত প্রাথমিক পর্যায়ে শনাক্ত হওয়া ক্যানসার রোগীর থেকে বেশি উপকৃত হন। প্রাথমিক পর্যায় হলে ক্যানসারের কোনো জীবাণু ছড়ানোর আশঙ্কাও কম থাকে এ ধরনের অস্ত্রোপচারের জন্য।
কিন্তু এর কিছু অসুবিধাও আছে। বিশেষ করে অ্যাডভান্স স্টেজের ক্যানসার বা জটিল অপারেশন করা এর দ্বারা মুশকিল। ক্ষেত্রবিশেষে না করাই ভালো। এ ধরনের অস্ত্রোপচারের জন্য উন্নত মানের যন্ত্রপাতি থাকা যেমন জরুরি, তেমনি দরকার দক্ষ-অভিজ্ঞ শল্যবিদ ও তাঁর দল। এতে আধুনিক যন্ত্রপাতি ব্যবহৃত হয় বলে এর খরচ পেট কেটে অস্ত্রোপচারের তুলনায় বেশি।
আজকাল দেশে ল্যাপারোস্কপি প্রায় সব এলাকাতেই হচ্ছে। কিন্তু মনে রাখা জরুরি, সব ধরনের চিকিৎসা সবার জন্য প্রযোজ্য হবে না। শুধু খরচের জন্য নয়, সব উন্নত প্রযুক্তিরই কিছু সীমাবদ্ধতা থাকে, সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না। কাজেই কোনো একটা অস্ত্রোপচার কোন পদ্ধতিতে ভালো হবে, সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
বিশেষত ক্যানসার চিকিৎসায় এটাও মনে রাখা জরুরি, শুধু কম দাগ বা কম কাটাছেঁড়ার চেয়ে সম্পূর্ণভাবে ক্যানসারের টিস্যু সফলভাবে অপসারণ করা বেশি গুরুত্বপূর্ণ। তা ছাড়া ক্যানসার নির্মূল করতে অস্ত্রোপচারের পর আরও থেরাপি, পরীক্ষা–নিরীক্ষা, চেকআপ দরকার হয়। তাই ব্যয়ের কথা মনে রাখতে হবে। বর্তমানে বেশির ভাগ ক্যানসারই প্রাথমিকভাবে মিনিমাল অ্যাকসেস সার্জারি করে অপারেশনযোগ্য এবং অনেক ক্যানসারই প্রায় নিরাময়যোগ্য। তাই কোন পদ্ধতি বেছে নেবেন, সে ব্যাপারে আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা এবং পরামর্শ করুন।