পেতে এসে দিতে হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের পরিবারটি ২৩ সদস্যের যৌথ পরিবার ছিল। দাদা-দাদি, চাচা-চাচি, ফুফুদের নিয়ে আমরা একসঙ্গে থাকতাম। পারিবারিক রেওয়াজ অনুযায়ী ঈদে পুরুষ সদস্যদের একসঙ্গে নামাজ পড়তে যেতে হতো। দাঁড়াতাম এক কাতারে। ঈদগাহ থেকে ফিরে বড়দের সালাম করা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে যেত। বড়রা ছোটদের সালামি দেবেন, এটাই স্বাভাবিক রীতি। কিন্তু আমার বেলায় ঘটত ভিন্ন ঘটনা। উল্টো আমার এক চাচা ও চাচিকে সালামি দিতে হতো। কারণও ছিল। কারণটি হলো বয়সে অনেক ছোট হলেও চাচার বিয়েতে আমাকে উকিল বাবা নিয়োগ করা হয়েছিল। সে থেকে তাঁরা আমার সন্তান হয়ে গেলেন। এই নিয়ে সারা বছর কোনো সমস্যা না হলেও ঈদে দেখা দিত বিপত্তি। কারণ, ঈদের সালামি পাওয়ার উদ্দেশ্যে আমি যেতাম আমার চাচা–চাচিকে সালাম করতে। কিন্তু তাঁরা তখন আমার উকিল বাবার পরিচয়টি সামনে এনে সালাম করতে দিতেন না। বলতেন বাবা হয়ে সন্তানদের সালাম করা যায় না। এসব যুক্তি সামনে এনে উল্টো তাঁরা আসতেন সালাম করতে। এবং সালামি দাবি করে বসতেন। কোনো যুক্তিতেই তাঁদের হারাতে পারতাম না। শেষে সালামি পাওয়ার বিপরীতে সালামি দিয়ে রেহাই পেতে হতো।

 শুধু এই কারণে পরিবারের অন্য সদস্যের চেয়ে আমার সালামির পরিমাণ কম হতো। বিষয়টি নিয়ে পরিবারের অন্য সদস্যরা মজা করে বলত, ‘এবার বুঝ, ছোট হয়ে বড়দের বাবা হওয়ার মজা।’ এখন ঈদে বিপত্তি এড়াতে চাচা–চাচিকে এড়িয়ে চলি। সালাম করতে যাই না। সালামি নিই না, আবার দিইও না। ঈদে আমার পরিবারে এখনো মজার গল্প হিসেবে টিকে আছে এই ইস্যুটি। বিষয়টি নিয়ে পালা করে চলে আলোচনা।