পেনসিলের শিষে শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায়ই ক্লাসের পেছনের সারিতে বসতেন যুক্তরাষ্ট্রের ডাল্টন ঘেট্টি। পড়াশোনায় একদম মন থাকত না তাঁর। শিক্ষকের চোখ ফাঁকি দিয়ে কাগজে আঁকিবুঁকি করা তাঁর প্রতিদিনের কাজ। কখনো পেনসিল দিয়ে বন্ধুর মুখচ্ছবি আঁকতেন, কখনো বা বন্ধুর নাম লিখতেন কাঠপেনসিলের টুকরো দিয়ে। এমনিতেই ঘেট্টি বেশ বন্ধুবৎসল। তার ওপর আবার এ ধরনের ছবি কিংবা কাঠ দিয়ে নাম লিখে দেওয়ায় বন্ধুরাও খুব ভালোবাসতেন তাঁকে। বন্ধুদের এ ভালোবাসা খুব উৎসাহ জোগাত। কিন্তু পেনসিল দিয়ে ছবি আঁকা তো তাঁর কাছে মামুলি ব্যাপার। ভাবতে লাগলেন, কী করে নতুন কিছু করে বন্ধুদের তাক লাগিয়ে দেওয়া যায়। ভাবতে ভাবতে হুট করে একদিন একটি বুদ্ধি খেলে গেল ঘেট্টির মাথায়। এবার আর ছবি আঁকাআঁকি নয়। শুরু করলেন চক কেটে ভাস্কর্য বানানোর চেষ্টা। কিন্তু কিছুদিন পর এটাও আর ভালো লাগল না। ভাবলেন, সবচেয়ে ছোট্ট কিছু বানাতে হবে। পেনসিলের শিষে (গ্রাফাইট) ভাস্কর্য বানালে কেমন হয়! যেই ভাবা সেই কাজ। পেনসিলের শিষ নিয়ে উঠেপড়ে লেগে গেলেন। কিন্তু না, কিছুতেই কিছু হয় না। শিষের এত ছোট্ট মাথায় কী করে ভাস্কর্য বানানো সম্ভব! একের পর এক নষ্ট হতে লাগল পেনসিল। কিন্তু নাছোড়বান্ধা ঘেট্টি কিছুতেই হাল ছাড়তে রাজি নন। নিজের সঙ্গেই জেদ ধরে বসলেন। পেনসিল যায় যাক, তবু একটা চমক তাঁর দেখানো চাই-ই চাই। পেনসিলের শিষ নিয়ে মাসখানেক কাটাকুটি করার পর হুট করে একদিন হয়েও গেল একটি ভাস্কর্য। ইউরেকা! ইউরেকা! বলে খুশিতে লাফিয়ে উঠলেন ঘেট্টি। চমকে গিয়েছিলেন বন্ধুরাও। সেই থেকে পেনসিলের শিষে খুদে ভাস্কর্য বানানোর পাগলামিটা পাকাপোক্ত আসন গেড়ে বসেছে ঘেট্টির মাথায়।ব্রাজিলে জন্ম নেওয়া ডাল্টন ঘেট্টি বর্তমানে থিতু হয়েছেন যুক্তরাষ্ট্রেই। পেশায় একজন ছুতার। দিনের বেশির ভাগ সময় কাঠ নিয়েই কাজকারবার করেন। তার পরও প্রায় ২৫ বছর ধরে নিভৃতে কাঠপেনসিলের শিষে ভাস্কর্য বানিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত পেনসিলের শিষ কেটে বানানো তাঁর ভাস্কর্যের পরিমাণ প্রায় ১০০টি। ঘেট্টির বানানো ভাস্কর্যগুলোর মধ্যে আছে এলভিস প্রিসলি, ইংরেজি বর্ণমালা, শেকল, গির্জা, করাত, জুতো, বোতাম, চামচ, স্ক্রু, হার্টসহ আরও অনেক কিছু। হার্ট খোদাই করা ভাস্কর্যটি বেশ মজার। কাঠপেনসিলের মাঝখানটায় ফুটো করে সেটার মাঝের শিষটাকেই কেটেকুটে তিনি হার্টের আকৃতি দিয়েছেন। বেশির ভাগ ভাস্কর্যই ১০ মিলিমিটার পর্যন্ত লম্বা। কোনো কোনোটা আবার একটু বড়। তবে খালি চোখে এই ভাস্কর্যগুলো তেমন একটা বোঝা যায় না। এর জন্য দরকার ম্যাগনিফাইং গ্লাস। তবে মজার ব্যাপার হচ্ছে, ঘেট্টি কিন্তু তা বানানোর সময় ম্যাগনিফাইং গ্লাস ব্যবহার করেন না একেবারেই!ঘেট্টি প্রথমে একটি কাঠপেনসিল নিয়ে ব্লেড দিয়ে শিষটা একটু শান দিয়ে নেন। তারপর শিষের মাথায় সুচ দিয়ে গর্ত করেন। আর ছোট্ট একটি ছুরি দিয়ে খোদাই করেন মনের মতো আকৃতি। ব্যস, এই হলো তাঁর যন্ত্রের কারিকুরি। ভাস্কর্যগুলো একটি সাধারণ মানে পৌঁছাতে বেশ কয়েক মাস লাগে। আর একেকটা ভাস্কর্য পুরোপুরি দাঁড় করাতে তাঁর প্রায় দুই থেকে আড়াই বছর লেগে যায়। কখনো কখনো আবার একদম শেষের দিকে এসে অনেক পেনসিল ভেঙেও যায়। তখন আবারও নতুন করে ভাস্কর্য বানানোর কাজে লেগে যান পাগলাটে এই ভাস্কর।‘আমার একটি নিজস্ব স্টুডিও আছে। ওটা আমার নিজের ভুবন। স্টুডিওর ভেতর গানের শব্দ, এমনকি কোনো শব্দই নেই। তাই আপন মনেই ভাস্কর্য বানাতে পারি। এটা আমার কাছে ধ্যানের মতো।’ কথাগুলো বলছিলেন ডাল্টন ঘেট্টি।তবে এত এত পেনসিল নিয়ে কাজ করলেও একটি পেনসিলও কিন্তু পয়সা দিয়ে কেনেন না ঘেট্টি। বেশির ভাগ সময় তাঁর বন্ধুরাই খুশি হয়ে পেনসিলগুলো উপহার দেন। কখনো কখনো আবার তাঁদের পেনসিলের বিনিময়ে দু-একটি ভাস্কর্যও বানিয়ে দিতে হয় তাঁকে। এ ছাড়া পথে হাঁটার সময় যেকোনো পেনসিল কুড়িয়ে পেলেই পরম যত্নে তিনি তা তুলে নিয়ে আসেন। আর ভাস্কর্যগুলো একদম নিজের জন্যই বানান ঘেট্টি। তাই মাঝেমধ্যে দু-একটা বন্ধুদের উপহার দেওয়া ছাড়া কোনো ভাস্কর্যই বিক্রি করেননি।—ওয়েবসাইট অবলম্বনে আবু হেনা