পেরুর চাই নতুন কৌশল
দিওনিসিও ভিলসা একজন সাবেক সংবাদপত্রের দোকানি। তাঁর ২২ বছর বয়সী ছেলে সিজার ভিলসা কাজ করতেন পুলিশে। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে মাওবাদী ‘শাইনিং পাথ’ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইতে নিহত হয়েছেন সিজার।বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনা নতুন কিছু নয়। কিন্তু একটি কারণে সিজারের মৃত্যুর ঘটনাটি দেশব্যাপী আলোচনার ঝড় তোলে।শাইনিং পাথ বিদ্রোহীরা তাদের শক্ত ঘাঁটি আপুরিমাক-এনে উপত্যকায় হামলা চালিয়ে সিজারসহ আট পুলিশ ও সেনাসদস্যকে হত্যা করেছিল। ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন দিওনিসিওর ছেলে সিজার। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েক দিন খোঁজ করে হাল ছেড়ে দেয়। কিন্তু হাল ছাড়েননি বাবা। ছেলে নিখোঁজ হওয়ার ২০ দিন পর সংঘর্ষের এলাকার দিকে রওনা হন দিওনিসিও। সঙ্গে স্থানীয় দুজন গাইড। জঙ্গলের মধ্যে নয় ঘণ্টা পথ চলার পর সত্যিই সিজারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।সিজার ভিলকার এই করুণ ঘটনা স্পর্শ করে দেশের মানুষকে। তারা প্রশ্ন তোলে, পুলিশ কেন অত সহজেই উদ্ধার অভিযান পরিত্যক্ত ঘোষণা করেছিল? কেন তারা এক হতভাগ্য বাবাকে গহিন বনে সন্তানের লাশ খুঁজতে বাধ্য করল? এ নিয়ে ক্রমশ তৈরি হয় ব্যাপক গণ-অসন্তোষ। পদত্যাগে বাধ্য হন স্বরাষ্ট্রমন্ত্রী দানিয়েল লোজাদা ও প্রতিরক্ষামন্ত্রী আলবার্তো ওতারোলা।পরিস্থিতি নিয়ে খুবই উদ্বিগ্ন মাদক পাচার ও সন্ত্রাসবাদে বিশেষজ্ঞ, নিরাপত্তা বিশ্লেষক রুবেন ভার্গাস। তিনি বলেন, ‘আমরা নিঃসন্দেহে মারাত্মক একটি রাজনৈতিক সংকট মোকাবিলা করছি। স্পষ্ট দেখা যাচ্ছে, সন্ত্রাসবাদী দলটির (শাইনিং পাথ) সঙ্গে লড়াইয়ে সরকার ব্যর্থ। বিদ্রোহ দমনের দায়িত্বপ্রাপ্ত সামরিক বাহিনী ও পুলিশ একেবারেই অযোগ্য।’কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে অস্ত্র হাতে নেওয়া মাওবাদী শাইনিং পাথ বিদ্রোহীরা ১৯৮০-এর দশক ও ১৯৯০ দশকের শুরুতে পেরু সরকারের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। তবে দলটি দুর্বল হয়ে ক্রমে ছোট ছোট বিভিন্ন সশস্ত্র দলে পরিণত হয়েছে। তারা এখন, বিশেষ করে আপুরিমাক-এনে অঞ্চলে কোকেন পাচারে নিয়োজিত। পেরুতে মাদক সমস্যা ভয়াবহ। আর একটু হলেই তারা শীর্ষ কোকেন উৎপাদনকারী দেশ কলম্বিয়াকে ছাড়িয়ে যাবে। এ কারণেই মাদক পাচার ও সন্ত্রাসবাদ বিশেষজ্ঞ রুবেন ভার্গাস মনে করছেন, সরকারের উচিত বিদ্রোহীদের আবার শক্তি অর্জনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা।ভার্গাস বলেন, আপুরিমাক-এনে উপত্যকায় মাদক পাচার ও সন্ত্রাসবাদের সমস্যা বেড়েছে। আমরা বলতে পারি না যে সশস্ত্র দলগুলো শাইনিং পাথের দুর্বল অবশিষ্টাংশ মাত্র। পেরুর প্রেসিডেন্ট ওলান্তা হুমালা সম্প্রতি স্বীকার করেছেন, দেশের পাহাড়ি জঙ্গলের অংশবিশেষ বিদ্রোহীদের নিয়ন্ত্রণে।রাষ্ট্রবিজ্ঞানী কার্লোস লিওন মোয়া অবশ্য মনে করেন, শাইনিং পাথের পক্ষে আপুরিমাক-এনে উপত্যকা অঞ্চলের বাইরে প্রভাব বিস্তার করা কঠিন হবে। তিনি বলেন, ‘আমরা যদি তাদের ২০ বছর আগের কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করি, দেখা যাবে, তারা অবশ্যই দুর্বল হয়েছে।’ তবে লিওন মোয়া সতর্ক করে দিয়ে বলেন, ভৌগোলিকভাবে বিস্তৃত না হলেও বিদ্রোহীরা তাদের শক্তি ও প্রভাব বাড়াচ্ছে। লিওন মোয়া বলেন, গত পাঁচ বছরে শাইনিং পাথ তাদের উপস্থিত লক্ষ্যটি সাফল্যের সঙ্গে অর্জন করেছে। আর তা হচ্ছে কোকেন পাচারের পথের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখা। প্রেসিডেন্ট হুমালা সম্প্রতি প্রত্যন্ত এলাকায় সরকারি বাহিনীর উপস্থিতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন।সরকারের ভেতরের অনেকে এবং অনেক নিরাপত্তা বিশেষজ্ঞ মনে করেন, বিদ্রোহের সমাধান রয়েছে স্থানীয় মানুষের মধ্যেই। সরকারকে স্থানীয় বাসিন্দাদের বুঝিয়ে-শুনিয়ে বিদ্রোহীদের বদলে নিজেদের দিকে টানতে হবে। সফল বিদ্রোহ মোকাবিলা কার্যক্রমের একটি ভালো উদাহরণ হিসেবে রুবেন ভার্গাস উত্তর পেরুর আলতো হুয়ালাগা অঞ্চলের সান মার্টিন এলাকার নাম উল্লেখ করেন। ১৯৮০-এর দশকে ওই এলাকাটি ছিল অত্যন্ত দরিদ্র এবং দেশের মাদক পাচার ও বিদ্রোহী কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। কিন্তু এখন সেখানে অনেক সরকারি-বেসরকারি বিনিয়োগ হয়েছে। বর্তমানে তা অন্যতম শীর্ষ কোকোয়া, কফি ও পাম তেল উৎপাদনকারী এলাকা।কিন্তু আপুরিমাক-এনে উপত্যকায় এখন পর্যন্ত কৃষকদের কোকেনের কাঁচামাল কোকো উৎপাদন থেকে সরিয়ে কোকোয়া এবং অন্যান্য অর্থকরী ফসল চাষে উৎসাহিত করার চেষ্টায় তেমন সাফল্য আসেনি। বিশেষজ্ঞ ভার্গাস বলেন, ‘তারা (সরকার) প্রকল্পের ব্যাপারে এমনভাবে কথা বলে, যেন তা ইতিমধ্যে কাজ শুরু করেছে। কিন্তু বাস্তবে এখনো কিছুই হয়নি।’কার্লোস লিওন মোয়া বলেন, ‘তাদের (সরকার) একটি পরিকল্পনা আছে ঠিকই, কিন্তু তারা এটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। তাদের সামর্থ্যের অভাব রয়েছে।’বিশ্লেষকেরা বলছেন, কৌশল পরিবর্তন ছাড়া পেরু আরও রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে পড়তে পারে। এবং তাই যদি হয়, তবে দিওনিসিও ভিলকাই বনে-বাদাড়ে ছেলের লাশ খুঁজে বেড়ানো শেষ বাবা হবেন না। মাহবুব আলম, বিবিসি অবলম্বনে