পেরেক ঢুকিয়ে বন কর্মকর্তাকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিদস্যুদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই কাল হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের রাজারছড়া বনবিট কর্মকর্তা মিজানুর রহমানের। কয়েক মাস ধরেই বেপরোয়া ভূমিদস্যুদের আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন তিনি।
গত ২৮ সেপ্টেম্বর একদল ভূমিদস্যু তাঁকে অপহরণ করে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে। শরীরের বিভিন্ন স্থানে পেরেক ঢুকিয়ে হাত-পা ভেঙে দেয়। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এই বন কর্মকর্তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও আসামিরা কক্সবাজার আদালত থেকে আগাম জামিন নিয়ে বেরিয়ে এসে সংশ্লিষ্ট বন কর্মকর্তাদের হত্যার হুমকি দিচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (অর্থোপেডিক সার্জারি) পুলক কুমার বিশ্বাস বলেন, মিজানুর রহমানের হাত, পা ও মাথায় মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে। তিনি এখনো শঙ্কামুক্ত নন। তাঁর শরীর থেকে পাঁচ-ছয়টি পেরেক বের করা হয়েছে।
মিজানুর রহমানকে উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা দিদারুল ফেরদৌস বলেন, ‘২৮ সেপ্টেম্বর মিজানুর রহমানকে অপহরণের সংবাদ পেয়ে আমরা টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় অভিযান চালাই। একপর্যায়ে স্থানীয় বাসিন্দা বদি আলমের বাড়ির আঙিনায় হাত-পা বাঁধা অবস্থায় তাঁকে দেখতে পাই। তখন তিনি অচেতন ছিলেন। আহত মিজানুর রহমানের মাথা, হাত ও পায়ে আঘাত ছিল। তাঁর শরীরে পেরেক ঢুকিয়ে জখম করে সন্ত্রাসীরা। পাশেই দড়ি ও বস্তা দেখে ধারণা করছি, সন্ত্রাসীরা তাঁকে হত্যা করে বস্তাবন্দী করতে চেয়েছিল।’
এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর রাতে শীলখালী রেঞ্জ কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় ১০ জনকে আসামি করে একটি অপহরণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
কেন এমন হামলা, জানতে চাইলে বন বিভাগের সহকারী বনসংরক্ষক মো. রেজাউল করিম বলেন, রাজাছড়া বনবিটের আওতায় ৪০ হেক্টর বনভূমি রয়েছে। এর মধ্যে তিন হেক্টর বনভূমি অভিযুক্ত ব্যক্তিরা দখল করে রেখেছে দীর্ঘ দিন ধরে। তারা সেখানে পানের বরজ ও বসতবাড়ি তৈরি করেছে। তাদের বিরুদ্ধে বনভূমি ধ্বংস ও পাহাড় কাটার অভিযোগও রয়েছে। এ বছরের শুরুর দিকে মিজানুর রহমান ওই বিটে কর্মকর্তা পদে যোগ দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ২ আগস্ট তাঁর ওপর দুর্বৃত্তরা হামলা চালায়। ওই ঘটনায় তিনি রক্ষা পেলেও এবার হামলাকারীরা সফল হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করার জন্য পুলিশের অভিযান চলছে। তবে আসামিরা সবাই আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।