পেরেছি আমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিপদ যখন আসে তখন নাকি একা আসে না, সৈন্যসামন্ত নিয়েই আসে। একে তো খরা-বন্যা-জলোচ্ছ্বাসে বাংলাদেশ সেই কবে থেকেই নাস্তানাবুদ, তার ওপর আবার ভূমিকম্প আসি-আসি করছে। এ যেন আরেক বিষফোড়া!কিন্তু এই বিষফোড়া থেকে মুক্তির উপায় কী? উপায় তো বেশ কিছুই থাকতে পারে। তবে উপমা দত্ত, নুসরাত শারমীন আর সেহরীন কামাল যে উপায় উদ্ভাবন করেছেন, তা সত্যিই অভিনব এবং অভিনব বলেই তাঁদের প্রজেক্ট ‘কোকোক্রিট’ হংকং থেকে বয়ে এনেছে এইচএসবিসি তরুণ উদ্যোক্তা পুরস্কার-২০১১। সেখানে তাঁরা ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডসহ এশিয়ার সাতটি দেশের ২১ জন শিক্ষার্থীকে টপকিয়ে অর্জন করেছেন ডায়মন্ড অ্যাওয়ার্ড। পেয়েছেন ৪০ হাজার হংকং ডলার এবং বলাই বাহুল্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের এই তিন শিক্ষার্থী একই সঙ্গে নিজের দেশকে তুলে ধরেছেন বিশ্বের দরবারে।২.কী এই কোকোক্রিট, যার জন্য সম্ভব হলো আন্তর্জাতিক পর্যায়ের এমন অর্জন, জানতে চাই দলনেতার কাছে। কোকোক্রিট একধরনের কংক্রিট, যা সাধারণ কংক্রিট থেকে আলাদা, বলছিলেন উপমা দত্ত।কেমন আলাদা, একটু ব্যাখ্যা...এবার কোকোক্রিট সম্পর্কে ব্যাখ্যা দিতে শুরু করেন নুসরাত শারমীন, ‘সাধারণ কংক্রিটে থাকে সিমেন্ট, পাথরসহ আরও কিছু উপাদান। কিন্তু আমাদের কোকোক্রিটে ব্যবহার করা হবে নারকেলের ছোবড়া। কোকোনাট ও কংক্রিট মিলে আমাদের প্রজেক্টের নাম তাই কোকোক্রিট।’‘কোকোক্রিট আরও একটা কারণে আলাদা...,’ নুসরাতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে এবার বলতে শুরু করেন সেহরীন, ‘সেটা হলো, স্টিল কংক্রিট তৈরি করতে অনেক বেশি খরচ, কিন্তু আমরা যেহেতু ব্যবহার করব নারকেলের ছোবড়া, তাই খরচ হবে অনেক কম। আবার কাজ করবে স্টিল কংক্রিটের মতোই। এতে ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ হবে অনেক কম।’৩.তাঁরা ১৭ জুন হংকং গিয়ে পৌঁছান আর ঢাকা ফিরে আসেন ২৫ জুন। নয়টি দিন যেন বা ‘স্বপ্নের ঘোরে পার করে এলাম’। আর তাঁরা যে সত্যি সত্যি কয়েকটা দিন স্বপ্নের মধ্যে পার করে এসেছেন, তা তাঁদের প্রতিদিনের রুটিন শুনলেই বোঝা যায়। এক. দর্শনীয় স্থান পরিদর্শন, দুই. নামকরা কোনো বিশ্ববিদ্যালয়ের ওয়ার্কশপে অংশ নেওয়া, তিন. প্রতিযোগী বন্ধুদের সঙ্গে সংস্কৃতি বিনিময় এবং চার. শপিং। ‘সবচেয়ে মজা হতো কালচারাল প্রোগ্রামগুলোতে। প্রত্যেক দেশের একজন করে নিয়ে গঠন করা হতো কালচারাল টিম। সেখানে প্রত্যেককে নিজ দেশের সংস্কৃতি তুলে ধরতে হতো,’ বলছিলেন সেহরীন। ‘অনেকে তো বাংলাদেশ চেনেই না। বলে, এটা কি ভারতের কোনো প্রদেশ? আমরা তাদের বাংলাদেশ সম্পর্কে সঠিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। জানিয়েছি, বাংলাদেশের আছে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্রসৈকত, আছে সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দর বন, আছে বেশ কিছু পুরোনো স্থাপনা, যা বিশ্ব ঐতিহ্যের অংশ।’ সেহরীনের সঙ্গে যোগ করলেন উপমা। আর ওয়ান-চাই ঘুরে বেড়ানো প্রসঙ্গে নুসরাত বলেন, ‘ওয়ান-চাই হংকংয়ের সবচেয়ে পুরোনো আর ঐতিহ্যবাহী অঞ্চল। এ রকম একটি প্রত্নতাত্ত্বিক স্থান ঘুরে দেখার স্মৃতি সত্যিই ভোলার নয়।’ এ ছাড়া চাইনিজ ইউনিভার্সিটি অব হংকং, ওশান পার্ক, ভূগর্ভস্থ এমটিআর রেলপথ এবং হংকং স্টক এক্সচেঞ্জ পরিদর্শনের অভিজ্ঞতাও বহুদিন মনে থাকবে বলে জানান এই তিন শিক্ষার্থী।৪. ‘কোকোক্রিট’—এই একটি শব্দই বদলে দিয়েছে তাঁদের জীবন। এটি নিয়ে তাঁরা দিনের পর দিন মগ্ন থেকেছেন। ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থী হয়ে দৌড়ঝাঁপ করেছেন বিজ্ঞানের একটি বিষয় নিয়ে। তা দেখে অনেকেই হেসেছেন তাচ্ছিল্যের হাসি। মা-বাবা হয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত। শেষে মেয়ের ফল না খারাপ হয়!অবশেষে সব আশঙ্কাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাঁরা ছিনিয়ে এনেছেন বিজয়। এ জন্য সব কৃতিত্ব অবশ্য নিজেদের বলে দাবি করতে নারাজ এই বিজয়ীরা। ‘আমাদের সার্বক্ষণিক সহযোগিতা করেছেন বুয়েটের দুজন শ্রদ্ধেয় শিক্ষক ড. শামসুল হক ও ড. শরিফুল ইসলাম। এ ছাড়া আমাদের শিক্ষক এবং বড় আপু-ভাইয়াদের অবদানও কম নয়।’ ৫.আমাদের সর্বশেষ জিজ্ঞাস্য, পুরস্কারের অর্থ কোন কাজে ব্যয় করতে চান?‘নিজেদের কাজেই ব্যয় করতে চাই’ বলে একটু হাসলেন উপমা। এরপর বললেন, ‘আমরা এই প্রজেক্টের বাস্তব রূপ দিতে চাই। সে জন্য দেশের বাইরে কিছু ওয়ার্কশপ ও সেমিনারে অংশ নেওয়া প্রয়োজন। তারপর মূল কাজে হাত দেব।’কে না জানে, যেকোনো যুদ্ধে জয়ী হতে চাই পূর্বপ্রস্তুতি, আর সে প্রস্তুতি নিয়ে এই তিন যোদ্ধা যে আবারও বিজয়ী হবেন, সে কথা মনে হয় জোর দিয়েই বলা যায়।