দিনটা ছিল ২৫ এপ্রিল, ২০১৩। সূর্যের আলোর তেজ প্রচণ্ড। ব্যবসায় শিক্ষা অনুষদে ঠায় দাঁড়িয়ে থাকা গাছগুলোর সাধ্য নেই এ আলোকে ঠেকায়। রোদ থেকে গা বাঁচানোর চেষ্টা করতে করতেই প্রবেশ করি ব্যবসায় শিক্ষা অনুষদের মিলনায়তনে।একদল উদ্যমী তরুণ-তরুণীর ছোটাছুটিতে মুখরিত হয়ে আছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঢাকা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। সকাল থেকেই তাই দেখা যায় অনুষদ মিলনায়তনের ভেতর ও বাইরে ক্লাবের কর্মীদের সরব উপস্থিতি।২০০৯ সালের দিকে যাত্রা শুরু করে ক্লাবটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক পরিচালিত এই স্বেচ্ছাসেবী ক্লাবের প্রধান কাজ হলো শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা ও পেশাগত জীবনে সফলতা পাওয়ার জন্য তাঁদের বিভিন্ন বিষয়ে দক্ষ করে তোলা। ‘পেশাগত জীবনে ভালো করতে হলে প্রয়োজন দক্ষতার। এ সম্পর্কে জানার জন্যই একদল মেধাবী শিক্ষার্থীরা একসঙ্গে কাজ করে যাচ্ছেন এখানে। পেশাগত জীবনে সফলতা পাক এবং স্বপ্ন পূরণ হোক, সে ভাবনা থেকেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে ক্লাবটি। তরুণদের দক্ষ করে তোলার নানা কর্মসূচি নিয়ে আমাদের কাজ করে যাওয়ার ইচ্ছা।’ বলছিলেন অনুষ্ঠানটির প্রধান সমন্বয়ক ডিউসিসির ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম।চতুর্থ বর্ষপূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। প্রধান অতিথি শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক ও কোষাধ্যক্ষ কামাল উদ্দীন আহমেদ।অনুষ্ঠানের শেষ পর্বের নাম ছিল ‘ক্যারিয়ার অপরচুনিটিজ’। বিভিন্ন কর্মক্ষেত্রে সফল কজন ব্যক্তিত্বকে নিয়ে একটা প্যানেল ডিসকাশন। মার্কেটিং বিভাগের অধ্যাপক এ বি এম শহীদুল ইসলামের সঞ্চালনায় এ পর্বে অংশ নেন এয়ারটেল বাংলাদেশের সিএসও রুবাবা দৌলা, ইস্পাহানি গ্রুপের জেনারেল ম্যানেজার ও বিভাগীয় প্রধান (মার্কেট ডেভেলপমেন্ট) ফৌজিয়া ইয়াসমিন ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার দিপক কুমার সাহা। এখানে বক্তারা ক্যারিয়ারের নানা দিক নিয়ে আলোচনা করেন এবং সফলতার জন্য তরুণদের কঠোর অনুশীলন করার পরামর্শ দেন।