পেশা নিয়ে ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আট শিক্ষার্থী নিজেরাই হাল ধরেছেন নিজেদের ভবিষ্যতের, হাল ধরেছেন কিছু শিক্ষার্থীকে উপযুক্ত করে গড়ে তোলার, আর নিজের বিশ্ববিদ্যালয়কে সবার কাছে পরিচিত করে তোলার।কীভাবে? সেই পথচলা সম্পর্কে জানতে কথা বলি তাঁদের সঙ্গে। মাত্র ছয় মাস হলো নিজেরাই তৈরি করেছেন একটা ক্লাব। বিশ্ববিদ্যালয় মানেই কি কেবল ক্লাস আর প্রেজেন্টেশন? এর বাইরেও বিশ্ববিদ্যালয়ে এসে করার মতো অনেক কিছু থাকে। সেই ভাবনাটাই উদয় হয়েছিল প্রথমে দুজনের মনে। এ ভাবনা থেকেই আটজন মিলে তৈরি করলেন ক্যারিয়ার ক্লাব। ক্লাবের উদ্দেশ্য হলো, চাকরির বাজার সম্পর্কে সবার মধ্যে একটা জানাশোনা গড়ে তোলা এবং সেই অনুযায়ী ক্লাবের সদস্যদের উপযুক্ত করে তোলা।‘এই ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের চাকরিবিষয়ক তথ্যসহায়তা দিতে।’ বলছিলেন ক্লাবের নির্বাহী সদস্য হাবিবুর রহমান। সঙ্গে তাল মেলান হাফিজুর রহমান, ‘বর্তমানে চাকরির বাজারে সবাই চায় বাড়তি যোগ্যতা। এই ক্লাবের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে সেই সব যোগ্যতা তৈরি করতে চেষ্টা করছি। আরও চেষ্টা করি কোন ধরনের চাকরিতে কোন ধরনের যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা সবাইকে জানাতে। যেন তারা সেভাবে নিজেদের গড়ে নেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়।’আটজনের সঙ্গে আড্ডাটা বেশ জমেছিল। সুমন বলেন, ‘আমরা আটজন একসঙ্গে কাজ করতে আগ্রহী। আর দলবদ্ধভাবে কাজ করলে কাজে সফলতা আসবেই। আমরা কাজ করছি সে উদ্দেশ্যেই।’ হাবিব আর হাফিজ দুজনের ঢাকায় বাসা প্রায় কাছাকাছি। যাত্রাপথে জ্যামে বসে থাকা সময়টুকু তাই বেশ আনন্দেই আলোচনা করতে করতে কেটে যায়। এভাবে চলতে চলতে একদিন দুজন পরিকল্পনা করেন। এমন কিছু কি করা যায়, যা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপকৃত হবে? অবশেষে মাথায় আসে ক্যারিয়ার ক্লাব করার কথা।আবু জাহিদ, শাকিল দেওয়ান, মাসুদুর রহমান, সাব্বিরুল ইসলাম আর শফিকুল ইসলাম একে একে বলেন তাঁদের নিজেদের কথা। কাজ করতে গেলে একটু-আধটু প্রতিবন্ধকতা আসবেই—এটা মেনে নিয়েছেন প্রত্যেকে। কিন্তু সহযোগিতাও তো নেহাত কম পাননি তাঁরা। তাঁরা জানান, ‘এই যেমন ব্যবস্থাপনা বিভাগের মহিউদ্দীন স্যার ও শহিদুল স্যার সহযোগিতা করেছেন অনেক।’কাজের মাধ্যমেই নিজেদের প্রকাশ করতে আগ্রহী দলটি। আটজন নির্বাহী সদস্যসহ এ পর্যন্ত ক্লাবের সদস্য হয়েছেন ৭৪ জন।ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বিভিন্ন কর্মশালা করা হয়। এ ছাড়া কোথায় কোন চাকরির জন্য কীভাবে এবং কী যোগ্যতা থাকলে দরখাস্ত করা যেতে পারে, সেসব বিষয়েও আলোচনা হয়। ক্যারিয়ার ক্লাবের এই আটজন শিক্ষার্থীর সাতজন পড়েন ব্যবস্থাপনা শিক্ষার চতুর্থ সেমিস্টারে। আর শফিকুল ইসলাম পড়েন একই বিভাগে পঞ্চম সেমিস্টারে। আটজনেরই চোখে স্বপ্ন অনেক। সেটা এখন কেবল বাস্তবায়নের পালা।শাকিল বর্ণনা দেন তাঁদের স্বপ্নের, ‘আমরা স্বপ্ন দেখি, আমাদের বিশ্ববিদ্যালয় একদিন হবে দেশের সবচেয়ে ভালো বিশ্ববিদ্যালয়। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপযুক্ত করে গড়ে তোলা এবং চাকরির উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। নিজের যোগ্যতার বিকাশ ঘটাতে পারলেই কেবল সম্ভব বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নতুন দিন তৈরি করা।’