পেশা-পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই বিভাগে পেশাসংক্রান্ত যেকোনো প্রশ্ন পাঠাতে পারেন। বিশেষজ্ঞরা সেসবের উত্তর দেবেন। এই বিভাগে চিঠি পাঠানোর ঠিকানা: পেশা-পরামর্শ, কাজের খবর, প্রথম আলো, ১০০ কাজী নজরুলইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। এ ছাড়া ই-মেইল পাঠাতে পারেন [email protected] ঠিকানায়। আরও পেশা-পরামর্শ পাবেন প্রথম আলো জবসের ওয়েবসাইটে (www.prothom-alojobs.com)ব্যাংক আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৬-০৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। আমি আমার ভবিষৎ জীবন ব্যাংকিং খাতে গড়তে চাই। কিন্তু সঠিক দিকনির্দেশনার অভাবে আমার কী করা উচিত, তা আমি বুঝে উঠতে পারছি না। আমি ছাত্র হিসেবে মধ্যম মানের। যেহেতু গণিতের ছাত্র, তাই আমাকে আর কোন কোন বিষয় অতিরিক্ত জানতে হবে এবং কী কী ডিগ্রি অর্জন করলে আমার ভবিষৎ জীবনে উন্নতির সহায়ক হবে। আমি স্নাতক শেষ করে গণিতের পাশাপাশি ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর কোর্স করতে চাই।পরে সিএ বা এর সমমানের কোর্স করতে ইচ্ছুক। সিএ-জাতীয় কোর্স শেষ করতে আমার কত বছর সময় লাগতে পারে? দীপঙ্কর রায়দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর।পরামর্শ: বর্তমান সময়ে বাংলাদেশে ব্যাংকিং খাতে বিভিন্ন পদে, বিভিন্ন পেশার প্রচুর চাহিদা রয়েছে। তাই এই খাতে ভবিষ্যৎ জীবন গড়া অতি সহজ। ব্যাংকে চাকরির জন্য নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান বা বিষয় জরুরি নয়। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে ব্যাংকে চাকরির জন্য আবেদন করা যায়। আপনি যেহেতু গণিত বিভাগে পড়ছেন, তাই আপনার উচিত এ বিষয়ে পুরোপুরি মনোযোগ দেওয়া। কারণ ব্যাংকিং খাতে ভালো ফলাফলের গুরুত্ব অনেক বেশি। স্নাতক করার পর আপনি যেকোনো ব্যাংকে আবেদন করতে পারবেন। তবে বিভিন্ন ধরনের ‘সফট স্কিল’ থাকতে হবে। কারণ ব্যাংকের চাকরির পূর্বশর্তগুলোর মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য, নৈতিকতা, সামাজিকতা ও মানুষের সঙ্গে মেলামেশার ক্ষমতা অন্যতম। এ ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ইংরেজি, যোগাযোগ দক্ষতা অবশ্যই ভালো থাকতে হবে। ব্যাংকে চাকরি পেতে হলে প্রথমে লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রতিষ্ঠানভেদে দুই থেকে তিনটি সাক্ষাৎকার নেওয়া হয়ে থাকে। নিজেকে প্রস্তুত করার জন্য আপনি বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র দেখে নিতে পারেন।স্নাতক শেষ করে স্নাতকোত্তরের পাশাপাশি এমবিএ কোর্স এবং পরবর্তী সময়ে সিএ কোর্স করতে পারলে তা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। বর্তমান সময়ে এমবিএ অনেক পেশারই উৎকর্ষ বিকাশের জন্য একটি চাহিদাসম্পন্ন প্রফেশনাল ডিগ্রি। ব্যাংকিং পেশায়ও এর অনেক গুরুত্ব রয়েছে। প্রতিটি পর্ব ভালোভাবে পাস করতে পারলে সিএ-জাতীয় কোর্স শেষ করতে সাড়ে তিন বছর সময় লাগবে।পরিশেষে আমার দৃষ্টিকোণ থেকে বলব, আপনি যে বিষয়ে যে কোর্সই করুন না কেন, ওই বিষয়ের প্রতি আপনাকে অবশ্যই পূর্ণ মনোযোগ দিতে হবে এবং ভালো ফল নিয়ে পাস করতে হবে। পাশাপাশি ইংরেজির দক্ষতা বাড়াতে হবে। এভাবে নিজেকে যোগ্যতাসম্পন্ন করে তুললে সহজে ব্যাংকিং খাতে ভবিষ্যৎ জীবন গড়া সম্ভব হবে।পরামর্শ দিয়েছেন মোহাম্মাদ কাইয়ুম খান, সেলস টিম ম্যানেজার, কনজ্যুমার ব্যাংকিং ডিভিশন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।