পেশা পাল্টাচ্ছেন কর্ণফুলীর মাঝিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনফুলী নদীর খেয়া নৌকার মাঝিদের এখন চরম দুর্দিন চলছে। রাঙ্গুনিয়ার কর্ণফুলী নদীর ৫০টি ঘাটের শতাধিক মাঝির আয়-রোজগার না থাকায় অভাবে দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা। ইঞ্জিনচালিত নৌকা বেড়ে যাওয়ায় যাত্রী কমেছে খেয়া নৌকার। এ কারণে ভিন্ন পেশায় ঝুঁকছেন মাঝিরা।

কোদালা ঘাটের খেয়া নৌকার মাঝি উজ্জ্বল দাস জানান, চন্দ্রঘোনা থেকে বেতাগী পর্যন্ত ১৫ কিলো-মিটার এলাকায় প্রায় অর্ধশতাধিক স্থানে মানুষজন নৌকায় নদী পার হতেন। মাঝিরা খেয়া পারাপার করে পরিবারের খরচ জোগাতেন। এখন যাত্রী কমে যাওয়ায় মাঝিদের আয়ও কমে গেছে।

খেয়া নোৗকার মাঝিরা জানান, উপজেলার রাঙ্গুনিয়া অংশের চন্দ্রঘোনা লিচুবাগান, রাইখালী বাজার, ধোপাঘাট, কোদালা ঘাট, মরিয়ম নগর ঘাট, রশিদিয়াপাড়া ঘাট, ইছামতী ঘাট, ব্যূহ্যচক্র ঘাট, শিলক ঘাট, সরফভাটা ঘাট, চিরিঙ্গা ঘাট, সমিল ঘাট, বেতাগী ঘাটসহ বিভিন্ন ঘটে মাঝিরা নৌকায় যাত্রী ও মালামাল পারাপার করত। তবে এখন ইঞ্জিনের নৌকা বেড়ে যাওয়ায় কমে গেছে খেয়া নৌকা।

মরিয়ম নগর ঘাটের মাঝি আবদুল গফুর জানান, অনেক স্থানে নদীর নাব্যতা কমে যাওয়ায় সেসব জায়গায় নৌকা চলে না। আবার কিছু কিছু ঘাটে ইঞ্জিনচালিত বড় নৌকা বেড়েছে। এ কারণে এখন খেয়া নৌকার মাঝিরা তেমন ভাড়া পান না। বেশ কয়েকজন মাঝি জানান, বেশির ভাগ মাঝি মহাজনদের কাছ থেকে নৌকা ভাড়া নিয়ে চালান। মালিকেরা নৌকার ভাড়া আগের তুলনায় বাড়িয়ে দিয়েছেন।