পেশা বদল করছেন সীতাকুণ্ডের কুটিরশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুটিরশিল্পীরা ভালো নেই। পূর্বপুরুষের পেশা ছেড়ে দিয়েছেন অনেকে। প্লাস্টিকের তৈরি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় পেরে উঠছে না হাতে তৈরি সামগ্রী। মানুষ বাঁশ-বেতের তৈরি সামগ্রী না কিনে কম দামে প্লাস্টিকের পণ্য কিনছে। ফলে তৈরি করা সামগ্রীর ন্যায্যমূল্য পাচ্ছেন না এ শিল্পের সঙ্গে জড়িত লোকজনেরা।জানা যায়, একসময় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামের শতাধিক পরিবার কুটিরশিল্পের সঙ্গে জড়িত ছিল। এসব পরিবার ধামা, ডোল, ডালা, চাটাই, খাড়ই, কুলা, পালা, চালন, মোড়া, ঝুড়ি, চেয়ার, বইয়ের তাক, কলমদানিসহ বিভিন্ন সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করত। বাজারে এসব সামগ্রীর চাহিদাও ছিল প্রচুর। কিন্তু এখন কুটিরশিল্পের সামগ্রীর কদর কমে গেছে। সংশ্লিষ্ট লোকজন জানান, প্রয়োজনীয় পুঁজি ও উপকরণের অভাব আর ন্যায্যমূল্য না পাওয়ায় কুটিরশিল্প এখন বিলুপ্তির পথে। হাতেগোনা কয়েকটি পরিবার এখনো পেশা ধরে রেখেছে।বহরপুর গ্রামের অনীলচন্দ্র দাশ (৫০) বলেন, ‘তখন প্রচুর বেত উৎপাদন হতো। স্বল্পমূল্যে অনায়াসে বেত পাওয়া যেত। আর এখন বেত নেই বললেই চলে। দূর-দূরান্ত থেকে বেত কিনে আনতে হয়। দামও অনেক। বেতের তৈরি মাঝারি আকারের একটি ধামার বর্তমানে দাম পড়ে এক হাজার ৫০০ টাকা। এ মূল্যে অনেকেই কিনতে চান না।’ তিনি বলেন, ‘মাত্র কয়েক বছর আগেও এ অঞ্চলে বাঁশ ছিল সহজলভ্য। ৪০-৫০ টাকায় একটি বাঁশ কেনা যেত। এখন দাম পড়ে ১৫০-২০০ টাকা। কিন্তু সে অনুপাতে উৎপাদিত দ্রব্যের দাম বাড়েনি। পাশাপাশি প্লাস্টিকের তৈরি পণ্যে বাজার সয়লাব হয়ে গেছে। ফলে বাঁশ-বেতের তৈরি সামগ্রীর চাহিদা কমে গেছে।’বহরপুর এলাকার ফাতেমা আক্তার ও জোছনা বেগম বলেন, ‘বাঁশ দিয়ে একটি খাঁচা তৈরি করতে খরচ পড়ে ২০ টাকা। অথচ বাজারদরও ২০ টাকা। তাহলে আমাদের লাভটা কী?’ এ শিল্পের সঙ্গে জড়িত পরিবারগুলোর দাবি, পর্যাপ্ত ব্যাংকঋণ ও আধুনিক প্রযুক্তি প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দিলে তারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে। কুটিরশিল্পের নানা সামগ্রীও সহজলভ্য হবে। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘কুটিরশিল্পকে বাঁচাতে এর সঙ্গে জড়িত পরিবারগুলোকে যেকোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত। ব্যাংকঋণের প্রয়োজন হলেও সহযোগিতা করব।’