পেশা যখন ওষুধ বিপণনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা ১৯৮৭ সালে, সবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছি।পেশা হিসেবে কোনটিকে প্রাধান্য দেব এই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে একজনের পরামর্শে মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে কাজ শুরু করি। সময়টা তখন বিদেশি ওষুধ কোম্পানির। চারদিকে বিদেশি ওষুধের জয়জয়কার। প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিলাম এই পেশাতে। আর তার সুফল এখন পাচ্ছি। কথাগুলো বলছিলেন এসকায়েফ (এসকে+এফ) ফার্মাসিউটিক্যালের মহাব্যবস্থাপক মীর মোস্তাফিজুর রহমান। বর্তমান যুগে চাকরির বাজার যে কতটা গরম, তা আর নতুন করে না বললেও চলে। আর এই প্রতিযোগিতার বাজারে নিজেকে একজন যোগ্য সৈনিক হিসেবে প্রমাণ করার অভিলাস কার না থাকে। আর এত প্রতিযোগিতার মাঝেও খুব সহজেই আপনি মেডিকেল রিপ্রেজেনটেটিভ হিসেবে উন্নতি করতে পারেন। এমনটি জানান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের মেডিকেল এক্সিকিউটিভ অফিসার মোহাম্মাদ জাকির হোসাইন। তিনি বলেন, ‘আমার কাছে গৎবাঁধা চেয়ার-টেবিলের কাজের চেয়ে এই কাজকে অনেক বেশি উপভোগ্য মনে হয়। দুরন্ত গতির মোটরবাইক আর মানুষের সঙ্গে মেলামেশার অবারিত সুযোগ তো আছেই।’সর্বোপরি কাজটাকে উপভোগ্য বলে মনে করতে হবে। ভালোবাসা আর একাগ্রতা থাকলে এই পেশায় উন্নতি করা সহজ—এমনটা বললেন মীর মোস্তাফিজুর রহমান। একটা সময় ছিল যখন শুধু পুরুষদেরই দেখা যেত ওষুধ বিপণনের এ পেশায়।এখন উল্লেখযোগ্য হারে নারীও যোগ দিচ্ছেন এই পেশায়। শিক্ষাগত যোগ্যতাঅনেকেই ভাবেন, মেডিকেল রিপ্রেজেনটেটিভ হতে গেলে উচ্চতর শিক্ষার তেমন দরকার নেই? এ মতের সম্পূর্ণ বিপক্ষে কথা বললেন মীর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, উচ্চতর শিক্ষা এখানে খুবই দরকার। নুভিসতা ফার্মাসিউটিক্যালে কর্মরত প্রোডাক্ট প্রমোশন অফিসার প্রকাশ কুমার বিশ্বাস বলেন, এই পেশায় কাজ করতে হলে স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা শেষ করে যোগ দিতে হয়। খণ্ডকালীন কাজ করার কোনো সুযোগ এখানে নেই। প্রার্থীকে অবশ্যই এইচএসসি পর্যন্ত জীববিজ্ঞান পড়া থাকতে হবে।অন্য যে গুণাবলি থাকতে হবেমীর মোস্তাফিজুর রহমান বলেন, একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভের যে গুণটি প্রথমে দরকার, তা হলো অন্য মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন। তা সম্ভব বাচনভঙ্গির মাধ্যমে। বাচনভঙ্গি সাবলীল হতে হবে। থাকতে হবে চিকিৎসক আর ওষুধের দোকানগুলোতে নিজের কোম্পানির ওষুধের গুণাগুণ সম্পর্কে বোঝানোর ক্ষমতা। আর পোশাক-পরিচ্ছদে হতে হবে মার্জিত। কাজের ধরনমেডিকেল রিপ্রেজেনটেটিভের কাজের ধরন দুটি। তা হলো—প্রথমত, চিকিৎসকের সঙ্গে কথা বলে কোম্পানির ওষুধের গুণাগুণ বুঝিয়ে বলা। দ্বিতীয়ত, ওষুধের দোকানগুলো থেকে চাহিদা সংগ্রহ করা। পুরুষ কর্মীদের দুই ধরনের কাজ করতে হয়। তবে বেশির ভাগ কোম্পানিতে নারী কর্মীর কাজ কেবল চিকিৎসকে ভিজিট করা অর্থাৎ চিকিৎসককে নতুন ওষুধগুলো সম্পর্কে ধারণা দেওয়া। এমনটি বললেন, নুভিসতা ফার্মাসিউটিক্যালের প্রোডাক্ট প্রমোশন অফিসার সানজিদা আহম্মেদ। তবে কিছু কিছু কোম্পানিতে নারীরা পুরুষের সঙ্গে সমানভাবে দুটি কাজই করে থাকেন, যেমন ডেলটা ফার্মাসিউটিক্যালে কর্মরত লাকী খাতুন। ভিন্ন ভিন্ন কোম্পানি প্রয়োজন অনুসারে কাজে যোগদানের আগে কর্মীদের ৩০ থেকে ৪৫ দিনের ট্রেনিং দিয়ে থাকে।কর্মক্ষেত্রে সুযোগমীর মোস্তাফিজুর রহমান বলেন, একসময় বিদেশি ওষুধের রাজত্ব থাকলেও এখন মাথা তুলে সরব হয়ে উঠেছে দেশি ওষুধের কোম্পানিগুলো। বর্তমানে দেশি ওষুধ কোম্পানির সংখ্যা ২০০-এর বেশি। সুতরাং প্রসারিত হচ্ছে ওষুধ কোম্পানি, আর সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে এই ক্ষেত্রে কাজের সুযোগ। নিজের একাগ্রতা, আগ্রহ আর পরিশ্রম দিয়ে এই ক্ষেত্রে উন্নতি করা সম্ভব। আমার শুরুটা মেডিকেল রিপ্রেজেনটেটিভ দিয়ে হলেও এখন এর অবস্থা ধীরগতিতে হয়েছে। আমি মনে করি লক্ষ্য ঠিক রেখে যে কেউ এই ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন।