
পেশাক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিয়ে এই যুগে কত কথা হয়! যুগের সঙ্গে তাল মিলিয়ে অসংখ্য নারীও পেশাক্ষেত্রে নিজেদের মেধা ও মনন ঢেলে দিচ্ছেন নিরন্তর। নিজেদের যোগ্যতার প্রমাণও তাঁরা সমান তালে দিয়ে যাচ্ছেন পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করেই। পেশাক্ষেত্রে নারীর এই পথচলা শুরুর গল্প কিন্তু বহু প্রাচীন যুগের। ইতিহাসবিদদের মতে খ্রিষ্টপূর্ব যুগেই প্রাচীন মিসরে পেশাক্ষেত্রে আনাগোনা শুরু হয় নারীর। সংসার, পরিবার, সন্তানসন্ততি সামলে সে সময় নারীরা নিজেদের যোগ্যতার বলেই বেছে নিতে থাকেন নিজেদের পছন্দের পেশা।
উল্লেখ করার বিষয় হচ্ছে, সে সময় নারীদের জন্য কোনো পেশা নির্দিষ্ট করা ছিল না। যেকোনো পেশাই তাঁরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নিতে পারতেন। এ ক্ষেত্রে প্রাচীন মিসরে ছিল না কোনো বৈষম্য। মেধাই ছিল পেশা বেছে নেওয়ার মূল বিবেচ্য বিষয়। এমনকি বিচারিক কাজেও নারীরা নিজেদের যোগ্যতা ও মেধা প্রমাণের সমান সুযোগ পেতেন।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল