পেশাজীবনে সাফল্য মানে কী? বিস্তর উপার্জন, খ্যাতি আর কর্তৃত্ব? নাকি এসবের চেয়ে বেশি কিছু? অতীতে যা-ই হোক না কেন, বর্তমান যুগের অধিকাংশ পেশাজীবী নারী-পুরুষ তাঁদের কর্মজীবন ও পেশাজীবনের মধ্যে সুষ্ঠু সমন্বয়কেই সাফল্য বলে বিবেচনা করেন। আর এই সমন্বয় বা ভারসাম্যই পেশাজীবনে সাফল্যের মূল মাপকাঠি। আয়ারল্যান্ডভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান অ্যাকসেঞ্চারের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। গবেষকেরা যুক্তরাষ্ট্রসহ ৩৩টি দেশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের চার হাজার ১০০ জন নির্বাহীর ওপর জরিপ চালিয়েছেন। তাঁদের অধিকাংশই বিশ্বাস করেন, কর্মজীবন ও ব্যক্তিজীবনের মধ্যে ইতিবাচক ভারসাম্য অর্জন সম্ভব। জরিপে অংশগ্রহণকারী কর্মজীবীদের দুই-তৃতীয়াংশই মনে করেন, পেশাজীবনে সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও তাঁরা পূর্ণ সাফল্য পাবেন। প্রাতিষ্ঠানিক দায়িত্ব এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য এতটাই গুরুত্বপূর্ণ যে অর্ধেকের বেশি পেশাজীবী তাঁদের জীবনে সম্ভাব্য বিরূপ প্রভাব এড়াতে অন্তত একটি চাকরির সুযোগ ছেড়ে দেন। অ্যাকসেঞ্চারের কর্মকর্তা অ্যাড্রিয়ান ল্যাজথা বলেন, পেশাজীবীদের কাছে সাফল্যের সংজ্ঞা মাঝে মাঝেই পরিবর্তিত হয়। কাজ ও জীবনের মধ্যে ভারসাম্য অর্জনে বড় ভূমিকা রাখে প্রযুক্তি। জরিপে অংশগ্রহণকারী পেশাজীবীদের চার ভাগের-তিন ভাগ জানান, প্রযুক্তি তাঁদের কর্মপরিকল্পনায় সহায়তা করে। আর ৮০ শতাংশ মনে করেন, এই সহায়তার ফলে তাঁদের কাজ ও জীবনের মধ্যে ইতিবাচক ভারসাম্য অর্জন সম্ভব হয়। এ ছাড়া কর্মক্ষেত্র ও জীবনে কোনো পেশাজীবীর আকাঙ্ক্ষার বিষয়টি কর্মজীবী ও কর্তৃপক্ষ—উভয় পক্ষের জন্যই গুরুত্বপূর্ণ। যেসব প্রতিষ্ঠান তাদের কর্মীদের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিজীবনেও সহায়তা করে, সেই প্রতিষ্ঠানগুলোতে চাকরিজীবীদের কর্মদক্ষতা তুলনামূলক বেশি হয়ে থাকে। ৫৩ শতাংশ নারী ও ৫০ শতাংশ পুরুষ পেশাজীবী নিজেদের বর্তমান কর্মক্ষেত্র নিয়ে সন্তুষ্ট এবং নতুন চাকরির সন্ধানে আগ্রহী নন। এ ছাড়া চাকরি ছেড়ে দেওয়ার কারণ হিসেবে দায়িত্ব ও কাজের মধ্যে সমন্বয়হীনতা, অপর্যাপ্ত বেতন-ভাতা ও বিনোদনের সীমিত সুযোগ প্রভৃতি কারণ চিহ্নিত করা হয়েছে। নতুন চাকরিসন্ধানীরা তিনটি বিষয় অনুসরণ করে থাকেন: চাকরির বিজ্ঞাপন, বন্ধুদের সঙ্গে যোগাযোগ এবং অনলাইনে নিজেদের জীবনবৃত্তান্ত হালনাগাদকরণ। লাইভসায়েন্স।