দেশের পেশাদার ও শৌখিন আলোকচিত্রীদের নিয়ে উদ্যাপিত হলো ‘ছবিয়াল মিলনমেলা ২০২১’। নবীন ও প্রবীণ আলোকচিত্রীদের মধ্যে মেলবন্ধন সৃষ্টির মাধ্যমে দেশের আলোকচিত্রের উৎকর্ষ সাধনের উদ্দেশ্যেই এই মিলনমেলার আয়োজন।
২৯ অক্টোবর নারায়ণগঞ্জের জিন্দা পার্কে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী এ মিলনমেলার শুরু হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আলোকচিত্রীরা মিলনমেলায় অংশ নেন। সকাল ১০টায় শুরু হয়ে টানা বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল র্যাফল ড্র, খেলা, ছবি নিয়ে গল্প, অভিজ্ঞ ছবিয়ালদের অভিজ্ঞতা বিনিময়। এসব আয়োজন মিলনমেলার আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। আলোকচিত্রের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন ম্যাপ ফটো এজেন্সির হাসান সাইফুদ্দিন চন্দন, চট্টগ্রাম ফটোগ্রাফি সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব মঞ্জুরুল আলম, প্রিজমার পরিচালক রফিকুল ইসলাম, আলোকচিত্র সাংবাদিক সুদীপ্ত সালাম, ফটোগ্রাফি অ্যাট ড্রিম আর্ট প্রোডাকশনের পরিচালক অভিজিৎ বিশ্বাস প্রমুখ। পরে মেলায় আয়োজিত ছবি প্রদর্শনীর বিচারপ্রক্রিয়ার মাধ্যমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের নাম ঘোষণা করা হয়। পুরস্কৃত ছবিয়ালেরা ক্রেস্টসহ সুন্দরবনে ভ্রমণের সুযোগ পেয়েছেন।
আলোকচিত্রীদের এই মিলনমেলার আয়োজক তৌহিদ পারভেজ ও মো. শরীফ উদ্দিন। আয়োজকেরা বলেন, নবীন-প্রবীণ আলোকচিত্রীদের উপস্থিতিতে মিলনমেলা অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যা নবীন ফটোগ্রাফারদের উৎকর্ষ সাধনে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।