পেশাদার মিডওয়াইফ: মা ও নবজাতকের জীবন বাঁচায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রতিবছর ৫ মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক মিডওয়াইফ দিবস পালিত হয়। এ বছরও  দিবসটি বাংলাদেশে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়েছে। দিবসটি পালনের মধ্য দিয়ে স্বাস্থ্য খাতে ও একটি দেশের কল্যাণে মিডওয়াইফদের অবদান সম্পর্কে প্রচারের একটি সুযোগ করে দেয়। ২০১০ সালে মিডওয়াইফদের জন্য তিন হাজার পদ সৃষ্টি করার জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের পর বাংলাদেশে পেশাদার মিডওয়াইফদের কার্যক্রম শুরু হয়েছে। ২০১৫ সালের শেষ নাগাদ প্রথম ৬০০ মিডওয়াইফকে নিয়োগ দেওয়া হয়।
নতুন পেশা হিসেবে মিডওয়াইফারিকে সফল করতে হলে নিম্নে বর্ণিত বিষয়গুলো বিবেচনায় আনতে হবে:

মিডওয়াইফের জন্য চাহিদা সৃষ্টি করা : একজন মিডওয়াইফ কে এবং তিনি এমন কী করতে পারেন, যা একজন চিকিৎসক বা নার্স পারেন না? এই প্রশ্ন অনেক নারী ও তাঁদের স্বামী, শাশুড়িদের। পাশাপাশি স্বাস্থ্যসেবা কর্মী এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষও পরস্পরকে এ কথা জিজ্ঞেস করছেন। একজন মিডওয়াইফ কী কী করেন এবং তিনি কী কী সেবা দেন তা মানুষকে জানানোর কাজটা সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকেই করতে হবে।

মিডওয়াইফারি শিক্ষা: মানসম্মত মিডওয়াইফারি শিক্ষার মূল ভিত্তি হচ্ছে যোগ্যতাসম্পন্ন মিডওয়াইফারি শিক্ষকমণ্ডলী। মিডওয়াইফদের দক্ষতা অর্জন ও মানোন্নয়নের জন্য এটি খুবই দরকার। কিন্তু বাংলাদেশে প্রয়োজনীয়সংখ্যক ও যোগ্যতাসম্পন্ন মিডওয়াইফ প্রশিক্ষকের অভাব রয়েছে। বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষক এবং অন্যান্য মেডিকেল স্পেশালিস্টদের দিয়ে মিডওয়াইফারি শিক্ষার কার্যক্রম পরিচালিত হচ্ছে। মিডওয়াইফারির ওপর প্রশিক্ষণ প্রদানের জন্য আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তঁাদের দক্ষতা বাড়ানো গুরুত্বপূর্ণ। ইউএনএফপিএর সহায়তায় বাংলাদেশ সরকার যৌন ও প্রজননস্বাস্থ্য বিষয়ে অনলাইনে এক বছরমেয়াদি স্নাতকোত্তর কোর্স চালু করেছে। গত মাসে ঢাকায় এই কোর্স চালু হয়েছে। সুইডেনের ডালারনা বিশ্ববিদ্যালয় এই স্নাতকোত্তর কোর্সের শিক্ষার্থীদের শিক্ষাদানের কাজটি করবে। এই কর্মসূচি ফ্যাকাল্টি শিক্ষা, পড়ানোর পদ্ধতি এবং পঠিত বিষয়ের মানোন্নয়নের ব্যাপারে কাজ করবে। ভালোভাবে প্রস্তুত একটি মিডওয়াইফারি জনশক্তি পাওয়া নিশ্চিত করতে শ্রেণিকক্ষ ও ক্লিনিক্যাল শিক্ষার মধ্যে যে ঘাটতি রয়েছে তা দূর করা এবং তত্ত্বাবধান ও রোল মডেলিংয়ের কাজটি অব্যাহতভাবে করবে। 

উন্নত মিডওয়াইফারি শিক্ষার জন্য সেন্টারস অব এক্সিলেন্স: শিক্ষার্থী এবং সদ্য পাস করে বের হওয়া মিডওয়াইফদের অর্জিত শিক্ষা প্রয়োগের উপযোগী একটি পরিবেশ দেওয়াটা জরুরি। এতে তাঁরা প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে নতুন একটি জনশক্তির সাফল্যে ভূমিকা রাখতে পারবেন। কাজে যোগ দেওয়ার আগে উচ্চ মানসম্মত একটি শিক্ষা কর্মসূচির পাশাপাশি সদ্য পাস করা মিডওয়াইফদের নিবিড় তত্ত্বাবধানে রাখা প্রয়োজন। যেসব স্বাস্থ্যকেন্দ্রে তাঁরা মিডওয়াইফারি চর্চা করবেন সেখানে কাজের অনুকূল পরিবেশ থাকতে হবে। এ ছাড়া যেসব স্বাস্থ্যকেন্দ্রে মিডওয়াইফদের নিয়োগ দেওয়া হবে সেখানে যেন তাঁরা স্বাধীনভাবে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। 

দেশের পাঁচটি জেলা ঢাকা, সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম ও রংপুরে পাঁচটি সেন্টারস অব এক্সিলেন্স (সিওই) প্রতিষ্ঠার কাজ চলছে। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সিওই হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার সর্বোচ্চ মান বজায় রাখা হয়। সিওই হচ্ছে তিনটি ভিন্ন প্রতিষ্ঠানের প্রচেষ্টার ফল। এগুলো হচ্ছে নার্সিং ইনস্টিটিউট বা কলেজসমূহ যেখানে মিডওয়াইফারি কর্মসূচি চালু রয়েছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণকেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ যেখানে মিডওয়াইফদের নিয়োগ দেওয়া হয়েছে।

l সিওই–এর একটি জটিল উপাদান হচ্ছে ক্লিনিক্যাল শিক্ষা যা সেবা দানরত মিডওয়াইফদের কাজের মানোন্নয়নে সহায়তা করবে। একটি সিওইর সঙ্গে একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংযোগ থাকবে। এই স্বাস্থ্য কমপ্লেক্স মানসম্মত মিডওয়াইফারি নেতৃত্বাধীন সেবা দিয়ে সিওইকে সহায়তা করবে। 

l শ্রেণিকক্ষ এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে শিক্ষকদের সামর্থ্য ও মান বাড়াতে সহায়তা করার জন্য চারটি সিওইতে আন্তর্জাতিক মানের তত্ত্বাবধায়কদের নিয়োগ করা হয়েছে। 

l সেবা পরিদপ্তর (ডিএনএস) সব মিডওয়াইফারি কর্মসূচিতে ক্লিনিক্যাল প্রিসেপটরশিপ ও মেন্টরশিপ প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে। 

l পাঠ্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে শিগগিরই মিডওয়াইফারি শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হবে। 

মিডওয়াইফারি প্রবিধান, আইন ও নীতিমালা:

বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল আইন মিডওয়াইফারি পেশাকে একটি আইনি অবকাঠামো দিয়েছে। গত ২৯ ফেব্রুয়ারি মন্ত্রিসভা এই খসড়া আইনটির অনুমোদন করেছে। সংসদে পাস হলেই এটি পূর্ণাঙ্গ আইনে পরিণত হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের কমিটি মিডওয়াইফারি পেশা চর্চার জন্য প্রয়োজনীয় নীতিমালা এবং প্রশাসনিক নথিপত্র তৈরির কাজটি তত্ত্বাবধান করছে। সেবা পরিদপ্তর (ডিএনএস), বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় মিডওয়াইফদের কাজের পরিধি, তাঁদের জন্য মানসম্মত অপারেটিং পদ্ধতি এবং মিডওয়াইফারি চর্চার জন্য একটি মডেল চূড়ান্ত করেছে। 

মিডওয়াইফারি চর্চা: প্রায় ৬০০ সনদপ্রাপ্ত মিডওয়াইফ যাঁরা চাকরিতে নিয়োগ পেয়েছেন তাঁরা মিডওয়াইফ হিসেবে কাজ করছেন। এই মিডওয়াইফরা কাজ করতে গিয়ে কী কী বাধার মুখে পড়ছেন তা শনাক্ত করার কাজটি করছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্বাস্থ্যকেন্দ্রগুলোকে মিডওয়াইফারি নেতৃত্বাধীন সেবায় উত্তরণ করার জন্য সমর্থন পেতে চলতি মে মাসে নিয়োগকৃত মিডওয়াইফ ও তঁাদের ম্যানেজারদের মধ্যে পরিচিতিমূলক সভা শুরু করা হবে।

শিক্ষা ও প্রয়োগের ফারাক

l ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য স্বাস্থ্যসেবার প্রয়োজনীয়তা বাড়ছে। যদিও সেই চাহিদা মেটাতে ও মানসম্মত সেবা নিশ্চিত করতে কেবলমাত্র মিডওয়াইফের সংখ্যা বাড়ালেই পর্যাপ্ত সুফল মিলবে না। এ জন্য প্রয়োজন শিক্ষা অর্জনকারী মিডওয়াইফের সংখ্যার সঙ্গে মিল রেখে মিডওয়াইফ শিক্ষক নিয়োগের ব্যবস্থা করা এবং যেখানে তঁারা কাজ করবেন সেখানে অনুকূল পরিবেশ সৃষ্টি করা। 

l মিডওয়াইফারি শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা অর্জন এবং দক্ষতা প্রয়োগের সুযোগ তৈরি করে দেওয়ার জন্য চিকিৎসক ও নার্সসহ চিকিৎসাক্ষেত্রের অন্যান্য স্বাস্থ্যসেবা প্রদানকারী পেশাজীবীর সঙ্গে আলোচনা শুরু করা প্রয়োজন, যাতে মিডওয়াইফরা প্রসূতি ও নবজাতকের স্বাভাবিক পরিচর্যায় অংশ নিতে পারেন। গর্ভধারণের সিদ্ধান্ত গ্রহণের সময় থেকে শুরু করে সন্তান প্রসব এবং প্রসবপরবর্তী সময়ে যাতে মিডওয়াইফরা একজন নারীকে সেবা দিতে পারেন সে ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।

l মিডওয়াইফদের জন্য মানসম্মত শিক্ষা অর্জন ও প্রয়োগের উপযোগী পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ সরকারের কাছে সুপারিশ করেছে ইউএনএফপিএ, যাতে এ দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা এবং কর্মীদের সহযোগিতা নিয়েই মিডওয়াইফরা প্রসূতি ও নবজাতকদের জন্য একটি মানসম্মত সেবা চালু করতে পারেন। 

l বর্তমানে নার্সিং/মিডওয়াইফারি কলেজগুলোর বছরে ৯৭৫ জন শিক্ষার্থীকে ভর্তি করার সামর্থ্য আছে। হিউম্যান রিসোর্সেস ফর ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন হেলথ ২০১৩ এর মূল্যায়ন অনুযায়ী, শিশু জন্মের ভিত্তিতে দেশে বর্তমানে ২২ হাজার মিডওয়াইফ দরকার। এই চাহিদা পূরণ করতে হলে প্রশিক্ষণকেন্দ্রগুলোকে তাদের শিক্ষার্থীর সংখ্যা বছরে চার হাজারে উন্নীত করতে হবে। 

উপসংহার: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য মিডওয়াইফদের অংশগ্রহণ অপরিহার্য। গত ২৫ বছরে বিশ্বে মাতৃমৃত্যুর হার প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবু প্রতিদিন বাংলাদেশের মায়েরা সন্তান প্রসবকালে মারা যাচ্ছেন। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা হচ্ছে মাতৃমৃত্যুর হার প্রতি লাখে ৭০ জনে নামিয়ে আনা। বর্তমানে এই হার প্রতি লাখে ১৭০ জন। পেশাদার মিডওয়াইফদের আরও বেশি সংখ্যায় নিয়োগ দেওয়া হলে মাতৃ ও শিশুমৃত্যুহার দুই-তৃতীয়াংশ কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে প্রত্যন্ত এলাকার ও সুবিধাবঞ্চিত মানুষদের যদি অগ্রাধিকার দেওয়া হয় তাহলে অবশ্যই মা ও শিশুমৃত্যু কমে আসবে।

ইউএনএফপিএর একটি প্রতিবেদন থেকে অনূদিত

ল্যানসেট সিরিজ ধারাবাহিকভাবে দেখিয়েছে যে সম্পদের পর্যাপ্ত ব্যবহারের জন্য  শিক্ষিত, প্রশিক্ষিত ও লাইসেন্সপ্রাপ্ত মিডওয়াইফদের যুক্ত করা প্রয়োজন। যদি তাঁরা প্রচলিত স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কার্যকরভাবে যুক্ত হয়, তবে সর্বোচ্চ সুফল মিলবে। সে জন্য সে রকম অবকাঠামো ও ব্যবস্থা তৈরি করা প্রয়োজন। তাই এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিতে হবে যাতে মিডওয়াইফরা প্রশিক্ষণ নেওয়ার পর তাঁদের অর্জিত বিদ্যার প্রয়োগ করতে পারেন। তবে এ ধরনের পরিবেশ সৃষ্টি করা একটি সময়সাপেক্ষ ব্যাপার