পোকা দমনে জনপ্রিয় হচ্ছে ফেরোমন ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ারার চাতরী গ্রামের একটি সবজিখেতে ফেরোমন ফাঁদ লাগিয়েছেন কৃষক l প্রথম আলো
আনোয়ারার চাতরী গ্রামের একটি সবজিখেতে ফেরোমন ফাঁদ লাগিয়েছেন কৃষক l প্রথম আলো

আনোয়ারায় সবজিসহ বিভিন্ন খেতে পোকা দমনে জনপ্রিয় হয়ে উঠছে ফেরোমন ফাঁদ পদ্ধতি। পরিবেশবান্ধব এই পোকা দমন পদ্ধতি ক্রমশ কীটনাশকের জায়গা করে নিচ্ছে। ফলে এখন থেকে চাষিরা বিষমুক্ত সবজি উৎপাদন করতে সক্ষম হবেন।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, ক্ষতিকর পোকা দমন ও ফসল রক্ষায় ফেরোমন ব্যবহার করে সুফল পাচ্ছেন চাষিরা। শুধু তাই নয়, পোকা ও কীট দমনে অন্য কীটনাশক কিংবা ওষুধের তুলনায় খরচ অনেক কম হওয়ায় এর ব্যবহারেও আগ্রহ বাড়ছে চাষিদের।
আনোয়ারা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার দেবনাথ প্রথম আলোকে বলেন, উপজেলার ১১ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবার ৫০০ হেক্টর জমিতে সবজি হচ্ছে। বর্তমানে উপজেলার দুই হাজারের মতো চাষি ফোরোমন ফাঁদ ব্যবহার করছেন।
চাষিরা জানান, আগে ফসলের খেতে পোকা দমনে বাজার থেকে বিভিন্ন ওষুধ ও কীটনাশক এনে ব্যবহার করতেন তাঁরা। কিন্তু এতে পুরোপুরি পোকা দমন হতো না। কিন্তু ফেরোমন ফাঁদ ব্যবহারের ফলে এখন অনেকেই সে সমস্যা থেকে রক্ষা পাচ্ছেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বরুমচড়া রাস্তার মাথা, চাতরী ইউনিয়নের উত্তর চাতরী, বারখাইনের তৈলারদ্বীপ, জঁুইদণ্ডী ও হাইলধর ইউনিয়নের দক্ষিণ ইছাখালী এলাকার ফসলের খেতে পোকা দমনকারী ফেরোমন ফাঁদ দেখা গেছে। এসব এলাকার চাষিরা মরিচ, বেগুন আর টমেটো চাষ করেছেন।
উপজেলা কৃষি বিভাগ জানায়, ফোরোমন ফাঁদ তৈরি করতে একটি পাত্র ও গন্ধ সৃষ্টিকারী উপাদান লিউেরর প্রয়োজন হয়। প্লাস্টিকের একটি বোতলে লিউর ঝুলিয়ে দেওয়া হয়। এর নিচের পাত্রে দেওয়া হয় সাবান পানি। লিউর থেকে পুরুষ পোকার গন্ধ ছড়িয়ে পড়লে স্ত্রী পোকা ছুটে আসে ও পানিতে আটকা পড়ে মারা যায়।
চাষিরা জানান, মরিচখেতের ফেরোমন ফাঁদ তৈরি করার জন্য লিউর কিনতে হয় ৪০ টাকায়। টমেটো ও বেগুন খেতের জন্য কিনতে হয় ২৫ থেকে ৩০ টাকায়। আর পাত্রের দাম মাত্র ৭০ টাকা। প্রতি আড়াই শতক বেগুনখেতে একটি ফেরোমন ফাঁদ লাগানো হয়। এ ছাড়া ছয় শতকে টমেটো আর মরিচখেতে লাগে একটি করে। প্রতিটি ফাঁদের মেয়াদ থাকে ছয় মাস।
উত্তর চাতরীর চাষি নুরুল আলম (৪৫) প্রথম আলোকে বলেন, ‘সবজিখেতে ক্ষতিকর মাছি, ছিদ্রকারী পোকা ও পাতা পচা পোকাসহ বিভিন্ন ক্ষতিকর কীটপতঙ্গের আক্রমণ হয়। বাজার থেকে কীটনাশক এনে দেওয়ার পরও তেমন ফল পাইনি। পরে একজনের কাছ থেকে খবর পেয়ে ফেরোমন ফাঁদ নিয়ে খেতে বসালে খেত পোকামুক্ত হয়। এখন আমার মতো অনেকে এটি ব্যবহার করছেন।’ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন বলেন, সবজিজাতীয় ফসলের জন্য ফেরোমন ফাঁদ একটি কার্যকরী পদ্ধতি। এটি ব্যবহার করলে কীটনাশক দিতে হয় না। পাশাপাশি উৎপন্ন হয় বিষমুক্ত সবজি ও ফসল।