পোকেমন গোর জনপ্রিয়তায় এবার 'পোকেটু্যরিজম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোকেমন গোর জনপ্রিয়তায় এবার ‘পোকেটু্যরিজম’
পোকেমন গোর জনপ্রিয়তায় এবার ‘পোকেটু্যরিজম’

বিশ্বের অন্যান্য দেশের মতো স্পেনেও ঝড় তুলেছে ‘পোকেমন গো’। গেমটি সেখানে এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে বিভিন্ন শহরে হাতে থাকা স্মার্টফোনেই চোখ রেখে পথ চলতে দেখা যাচ্ছে বিপুলসংখ্যক মানুষকে। আর এ জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রীতিমতো ‘পোকেটু্যরিজমে’র ব্যবসা শুরু করেছে ট্রাভেল এজেন্সিগুলো।
স্পেনের দক্ষিণাঞ্চলীয় গ্রানাডা শহরভিত্তিক জুনিয়র ট্রাভেল নামের একটি প্রতিষ্ঠান তো গাইডের কাজ দিতে পোকেমন গো খেলোয়াড়দের কাছে আবেদনপত্রও আহ্বান করেছে। এ ক্ষেত্রে যোগ্যতা হিসেবে শর্ত দেওয়া হয়েছে, আবেদনকারীকে অবশ্যই ৪০ লেভেলের এই গেমের অন্তত ২০ লেভেল পর্যন্ত খেলার অভিজ্ঞতা থাকতে হবে। গাইডদের কাজ হবে পোকেমনশিকারিদের স্পেনের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান এবং ভ্যালেন্সিয়া, বার্সেলোনা ও মাদ্রিদ শহরে পথ দেখানো।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক সফটওয়্যার কোম্পানি নিয়ানটিক চলতি বছরের ৬ জুলাই আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য বাজারে ছাড়ে ভিডিও গেম পোকেমন গো। এতে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে প্রাপ্ত অবস্থান, গ্রাফিকস ও মুঠোফোনের ক্যামেরা ব্যবহার করে বাস্তব পৃথিবীতে কার্টুন দানব খুঁজে পাকড়াও করতে হয়। আর এ দানবের খোঁজে খেলোয়াড়কে ঘুরে বেড়াতে হয় বিভিন্ন স্থানে।
পোকেমনশিকারিদের জন্য গাইড নিয়োগে ব্যাপক সাড়াও পেয়েছে জুনিয়র ট্রাভেল। বিজ্ঞাপন দেওয়ার কয়েক দিনের মধ্যে দুই হাজারেরও বেশি আবেদনপত্র জমা পড়েছে তাদের মানবসম্পদ বিভাগে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক অ্যান্টনিও বারাগান বলেন, ‘প্রতি মিনিটে আমরা তিন থেকে চারটি আবেদনপত্র পাচ্ছি। মানবসম্পদ বিভাগের লোকজন হাবুডুবু খেতে শুরু করেছে।’ তিনি আরও বলেন, ভ্রমণের রুটগুলো এমনভাবে নির্ধারণ করা হবে যে নিজেদের শহর ও অন্যান্য প্রদেশে পোকেমন শিকারিরা কখনোই একঘেয়েমিতে ভুগবেন না।
দিনে সর্বোচ্চ ৪৩ ইউরোর বিনিময়ে পোকেমন শিকারিরা জুনিয়র ট্রাভেলের বাসে চেপে শিকার করতে পারবেন। আর এ জন্য শিকারিরা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাবেন বিশেষজ্ঞ পথনির্দেশনা। এরই মধ্যে গত শনিবার গ্রানাডা থেকে পার্শ্ববর্তী এলাকাগুলোয় বেশ কয়েকটি ভ্রমণের আয়োজন করেছে জুনিয়র ট্রাভেল। দু-এক দিনের মধ্যে গ্রানাডা থেকে মাদ্রিদের পোকেমন রুটেও এমন ভ্রমণের আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
স্পেনে শুধু জুনিয়র ট্রাভেলই নয়, আরও কয়েকটি ট্রাভেল এজেন্সি পোকেমন গো গেমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ব্যবসা শুরু করেছে। এর মধ্যে মাদ্রিদভিত্তিক ফেলিসেস ভ্যাকাসিওন্স উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটি ১ হাজার ৬৯৫ ইউরোর বিনিময়ে যুক্তরাষ্ট্রে ১১ রাতের ভ্রমণের আয়োজন করেছে। যেসব দেশে পোকেমন গো ছাড়া হয়েছে, সেগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশিসংখ্যক টাউরস ধরা সম্ভব। পোকেমন গোর অনেকগুলো কার্টুন ভূতের মধ্যে টাউরস একটি।
পোকেমন গোর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শুধু স্পেনেই নয়, যুক্তরাজ্য, স্কটল্যান্ড ও মেক্সিকোতেও ব্যবসা শুরু হয়েছে। লন্ডন, এডিনবার্গ ও মেক্সিকো সিটিতে এরই মধ্যে ভ্রমণের আয়োজন শুরু করেছে কয়েকটি প্রতিষ্ঠান।