পোশাকে দেশের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন শোতে নিত্য উপহারের টি–শার্ট পরেছেন এক মডেল। ছবি: সংগৃহীত
ফ্যাশন শোতে নিত্য উপহারের টি–শার্ট পরেছেন এক মডেল। ছবি: সংগৃহীত

আলোকচিত্র কিংবা পোশাকের তো কত রকমেরই প্রদর্শনী হয়। কিন্তু এই দুয়ে মিলে ভিন্ন ধাঁচের এক প্রদর্শনীর আয়োজন করা হলে? হ্যাঁ, এমনই এক প্রদর্শনীর আয়োজন করেছিল ফ্যাশন হাউস নিত্য উপহার। অর্থাৎ, টি-শার্ট কিংবা শাড়ির প্রিন্ট হিসেবে ব্যবহার করা হয়েছে বিভিন্ন স্থিরচিত্র। আর এই প্রতিটি চিত্র কিন্তু সম্পূর্ণই আমাদের লাল-সবুজ বাংলার প্রতিফলন।
ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরে ‘দেখি বাংলার মুখ’ স্লোগানে আয়োজন করা হয় এই প্রদর্শনীর। ২৩ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত এই সাত দিনব্যাপী প্রদর্শনীর প্রধান উদ্দেশ্যই ছিল বাংলাদেশের বিভিন্ন পর্যটন স্থান তুলে ধরা। কোনো টি-শার্টে কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, আবার কোনোটায় রয়েছে বান্দরবান কিংবা খাগড়াছড়ির ছাপা ছবি প্রিন্ট। শাড়ির ক্ষেত্রেও তাই। কুয়াকাটা, সেন্ট মার্টিন কিংবা শ্রীমঙ্গলের প্রাকৃতিক দৃশ্য যেন ঠাঁই পেয়েছে বারো হাতের এই কাপড়ে। ২৩ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের পর নিত্য উপহারের টি–শার্ট ও অন্যান্য পোশাক নিয়ে একটি ফ্যাশন শোর আয়োজনও করা হয়। নিত্য উপহারের স্বত্বাধিকারী বাহার রহমান বলেন, ‘দেশের বিভিন্ন প্রাকৃতিক স্থানের ছবি ব্যবহার করা হয়েছে পোশাকে। এগুলো হয়ে উঠেছে পর্যটন স্মারক।’
নিজ দেশের পর্যটনশিল্পকে প্রাধান্য দিচ্ছে নিত্য উপহার—জানালেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক রানা বড়ুয়া। সেই উদ্দেশ্যেই প্রথমে আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ১৫১ জন এতে অংশ নেন। সেখান থেকে ২৭ জনের নির্বাচিত ছবিগুলোকে টি-শার্ট ও শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছে।
ভালোবাসা দিবস ও বসন্তের আগমনকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে বেশ কিছু শাড়ি ও চাদর। লেখাযুক্ত এই শাড়িগুলোর দাম পড়বে ১৬০০ থেকে ৩৫০০ টাকা। আর চাদরের দাম ৮৫০ থেকে ১০০০ টাকা। আর টি-শার্টের দাম ৪৯৯ টাকা।