ফ্যাশন ডিজাইনারদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা
পোশাকে নিজস্ব প্যাটার্ন তৈরিই হোক মূল লক্ষ্য

তরুণ ডিজাইনারদের মূল লক্ষ্য হতে হবে পোশাকে নিজস্ব প্যাটার্ন তৈরি করা। কিন্তু এ ব্যাপারে তাঁদের আগ্রহ কম। মৌলিক ডিজাইনে নজর না দিয়ে অনলাইন দেখে ‘কিছু একটা’ বানিয়ে দেওয়ার প্রবণতা চলছে। এভাবে চললে একসময় নিজেরাই হারিয়ে যাবে। চাহিদা কমবে দেশি পোশাকের। বাজারটা তখন পুরোপুরি চলে যাবে বিদেশিদের দখলে। তাই এ ব্যাপারে নতুনদের দিকনির্দেশনা দিতে কর্মশালার আয়োজন করা যেতে পারে।
ডায়মন্ড ওয়ার্ল্ড-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতা ২০১৬ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নবীনদের উদ্দেশে এসব কথা বলেন প্রবীণ ডিজাইনাররা। গত মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবীন ও প্রবীণ ডিজাইনাররা অংশ নেন। সূচনা বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। তিনি বলেন, চট্টগ্রামের ফ্যাশনজগতে সবচেয়ে বড় এই আয়োজনটির এবার ১৮তম আসর। চট্টগ্রামের ডিজাইনারদের উঠে আসার একমাত্র প্ল্যাটফর্ম এটি। এর মাধ্যমে উঠে এসে অনেকে এখন সারা দেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন।
এরপর একে একে বক্তব্য দেন ডিজাইনার রওশন আরা চৌধুরী, আইভি হাসান, এইচ এম ইলিয়াস, শিমুল খালেদ, লুৎফা সানজিদা ও সুলতানা নূরজাহান। তাঁরা নতুনদের এগিয়ে যাওয়ার নানা কৌশল বাতলে দেন।
রওশন আরা চৌধুরী বলেন, ‘নতুনদের বেশির ভাগ কাজ মানসম্মত হচ্ছে না। এটা আমাদেরও দায়। ফ্যাশন ডিজাইন ঘিরে চট্টগ্রামকে নিয়ে আমরা যে স্বপ্ন বুনেছি, তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি।’ তিনি আরও বলেন, এখন ইন্টারনেটের বদৌলতে বিশ্ব হাতের মুঠোয়। কিন্তু তাই বলে সেই স্রোতে গা ভাসানো নয়। নিজের শিকড় ধরে এগোতে হবে।
এইচ এম ইলিয়াস বলেন, ‘অনলাইনের দুয়ার সবার জন্য খোলা। সেখানকার ডিজাইন সম্পর্কে সবাই মুহূর্তে জেনে যাচ্ছে। তাই নিজস্ব স্টাইল না থাকলে একসময় হারিয়ে যাবে। তবে অনলাইন দেখতে হবে। কিন্তু তা থেকে অন্ধ অনুকরণ নয়, আমার দেশীয় সংস্কৃতির সঙ্গে তার মেলবন্ধন করে ডিজাইন দাঁড় করাতে হবে। আমরা সেভাবেই উঠে এসেছি। দেশের বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক ক্রেতারা লুফে নেন। আবার দেশি পোশাকে নজর দেওয়া মানে সেকেলে ধারণা নিয়ে বসে থাকা নয়। সময়ের সঙ্গে বদলাতে হবে নিজেকে। বিশ্ব ফ্যাশন সম্পর্কে ধারণা থাকতে হবে।’

আইভি হাসান একটি পোশাক ক্রেতা আকৃষ্ট হতে হলে কী কী বিষয়কে প্রাধান্য দিতে হবে তার পথ বাতলে দেন। তিনি বলেন, পোশাকের ডিজাইনে একটি পয়েন্ট অব ভিউ থাকতে হবে, যা ধরে মূল নকশার প্রতিফলন হয়। এখন দেখা যায় শাড়ি ভরিয়ে দেওয়া হয় ভারী কাজে। কোনোভাবেই চোখ বসানো যায় না। আবার সালোয়ার-কামিজের ক্ষেত্রেও দেখা যায় রং ও ডিজাইনের সমন্বয় হয় না। এ ছাড়া সেলাই হতে হবে নিখুঁত। তিনি প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতার বিচারকাজের স্বচ্ছতার বিষয়টিও ব্যাখ্যা করেন। তিনি বলেন, কার পোশাক কোনটি চেনার কোনো উপায় থাকে না। থাকে শুধু একটি কোড নম্বর। কাজেই পোশাকের ডিজাইনই মুখ্য।
শিমুল খালেদ দামের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ডিজাইনাররা প্রতিযোগিতায় পুরস্কার পাওয়ার জন্য বেশি দামের পোশাক দাম কমিয়ে জমা দেন। বাজারমূল্য মাথায় রাখতে হবে।
একইভাবে নতুন ডিজাইনারদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান লুৎফা সানজিদা ও সুলতানা নূরজাহান। অগ্রজদের কথার পর শুরু হয় নতুনদের প্রশ্ন-উত্তর পর্ব। এতে অংশ নেন নবীন ডিজাইনার উম্মুল জোবাইদা হাসনা, হেমায়েত উল্লাহ, সাঈদা খানম, লুৎফুন নাহার, নুজহাত কৃষ্টি, মিলন মিয়া, মুনাত জামান প্রমুখ। তাঁদের নানা প্রশ্নের উত্তর দেন প্রবীণ ডিজাইনাররা।
নবীনেরা বলেন, প্রবীণদের দিকনির্দেশনা আমাদের এগিয়ে যেতে সাহায্য করবে। তবে এ জন্য প্রবীণদের সঙ্গে অভিজ্ঞতার বিনিময়ের জন্য কর্মশালা আয়োজন করলে ভালো হয়।