পোশাকে প্রেরণার প্রকাশ

‘নো মোর রানা প্লাজা’ লেখাটির ওপরে আঁকা আছে সুঁই-সুতা; টি-শার্টের ক্যানভাসে প্রতীক হিসেবে এভাবেই রানা প্লাজাকে তুলে ধরেছেন সাভারের দুলাল চন্দ্র দাস৷ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর শেষ করে সাভারেই ছোট পরিসরে পোশাকের নকশা করেন৷ রানা প্লাজার ঘটনাটা তাঁকে বেশ নাড়া দেয়৷ তখন থেকেই ভাবতেন পোশাকের নকশায় এই বিষয়টিকে তুলে ধরার কথা৷ দুলাল চন্দ্র দাস জানালেন, এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষণ নেওয়ার পরই পোশাকের ক্যানভাসে তাঁর এই ভাবনাটা তুলে ধরতে পারলেন৷
‘প্রেরণার প্রকাশ’ শিরোনামে ৩১ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে ব্যতিক্রমী পোশাকের প্রদর্শনীর আয়োজন করে এসএমই ফাউন্ডেশন৷ অংশ নেন দুলাল চন্দ্র দাসসহ আরও ৪০ জন ক্ষুদ্র উদ্যোক্তা৷ এই উদ্যোক্তারা আমাদের সংস্কৃতির বিভিন্ন উৎসবসহ চারপাশে ছড়িয়ে থাকা বিষয়গুলো ফুটিয়ে তুলেছেন পোশাকের ক্যানভাসে৷ এঁদের মধ্যে অনেকেরই রয়েছে ছোট পরিসরের বুটিকের ব্যবসা৷ তেমনই একজন আইবি কালেকশনের ইসরাত জাহান৷ অনেক দিন ধরেই তিনি পোশাকে প্রাকৃতিক রং নিয়ে কাজ করছিলেন৷ ইসরাত বললেন, এই ধরনের আয়োজনের মাধ্যমে নিজের কাজকে সবার সামনে তুলে ধরার একটা সুযোগ পাওয়া গেল৷
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে এই পোশাক কর্মশালার আয়োজন করা হয়৷ যেখানে ১৫০ জন আবেদনকারীর মধ্য থেকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেছে নেওয়া হয় ৪১ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে৷ এরপর ডিজাইনার চন্দ্রশেখর সাহার তত্ত্বাবধানে চলে বিশেষ প্রশিক্ষণ৷ এরপর একটি বিশেষ বিষয় নিয়ে পোশাকের নকশা করতে দেওয়া হয় তাঁদের৷ সেই পোশাকগুলো নিয়ে আয়োজন করা হয় এই প্রদর্শনীর৷ ‘আমাদের মূল উদ্দেশ্য ছিল, বড় ফ্যাশন হাউসগুলো বা নকশাবিদেরা যাতে এই কাজগুলো সামনাসামনি দেখতে পারেন৷ অর্থাৎ সাপ্লায়ার হিসেবে এই উদ্যোক্তারা যাতে তাঁদের সঙ্গে কাজ করতে পারেন সে জন্য এই আয়োজন’, বললেন এসএমই ফাউন্ডেশনের কর্মসূচি ব্যবস্থাপক মোহাম্মদ রাকীব উদ্দীন৷ এখন ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক ভালো কাজ করছেন৷ তবে প্রচারণা বা টাকার অভাবে সেভাবে হয়তো এগিয়ে যেতে পারেন না৷ তাই এ ধরনের আয়োজনের পাশাপাশি এই ক্ষুদ্র উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলে জানালেন রাকীব উদ্দীন৷