পোশাকে বদলে হাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাড়ি খ প্রথম, বাংলার কথা, মডেল: নাবিলা
শাড়ি খ প্রথম, বাংলার কথা, মডেল: নাবিলা

দেশি পোশাকে ওয়েস্টার্ন লুক! শুনেই একটু থতমত খাওয়ার কথা। এত বড় পরিবর্তন? হ্যাঁ, সেই পথেই হাঁটছে এখন চট্টগ্রামের ফ্যাশন ট্রেন্ড। প্যাটার্ন আর নকশায় পরিবর্তন এনে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন নতুন ডিজাইনাররা। অগ্রজেরা নতুনের এই ধারা সমর্থন করছেন জোরালোভাবে।
ফ্যাশন ডিজাইনার এইচ এম ইলিয়াসের মতে, এই পরিবর্তন ভবিষ্যতের শক্ত ভিতের আভাস। তিনি বলেন, ‘সময়ের সঙ্গে চলাই ফ্যাশন। পোশাকে পরিবর্তন আসবেই। বৈচিত্র্য না থাকলে ক্রেতা ধরে রাখা কঠিন। তবে বৈচিত্র্য হতে হবে আধুনিকতার মিশেলে। আবার দেশীয় ঐতিহ্যও থাকবে ঠিকঠাক। এখন চট্টগ্রামের অনেক নতুন ডিজাইনার এই ধারা অনুসরণ করছেন, যা আমাদের আশাবাদী করে তুলেছে। এই তরুণেরা বিশ্ব-ফ্যাশন নিয়ে চিন্তা করেন। ফলে, তাঁদের পোশাকের নকশা ও প্যাটার্নে প্রাচ্য আর পাশ্চাত্যের সম্মিলন ঘটছে।’

ফিউশন প্রথম, নিহালস ওয়ার্ডরোব, মডেল: তুলতুল
ফিউশন প্রথম, নিহালস ওয়ার্ডরোব, মডেল: তুলতুল

প্রথম আলোর আয়োজনে ঈদ ফ্যাশন প্রতিযোগিতাও এবার নতুন ধারার এই পোশাকের জয়জয়কার ছিল। চুমকি-জরি আর পুঁতির কাজ নেই। পোশাকে প্রচলিত রীতি ভেঙে নতুন প্যাটার্ন এনেছেন ডিজাইনাররা। সালোয়ার-কামিজে লম্বা ঝুলের চল পাশ্চাত্যের গাউনের কথাই মনে করিয়ে দেয়। বাচ্চাদের পোশাক ও শাড়িতেও ছিল নকশার বৈচিত্র্য। পাঞ্জাবিতে ভারী কাজ নেই। তাই বলে উৎসবের আমেজ নেই, তা কিন্তু নয়। রঙের ঔজ্জ্বল্য ছাপিয়ে গেছে সব।
সব পোশাকেই লক্ষ করা গেছে আবহাওয়ার কথা মাথায় রেখেছেন ডিজাইনাররা। কাপড়ে সুতির প্রাধান্য ছিল। আবার জমকালো ভাব আনতে বিভিন্ন সিল্কের কাপড় ব্যবহার করেছেন। এক কথায় আরমদায়ক পোশাক।

ফিউশন দ্বিতীয়, নিহালস ওয়ার্ডরোব, মডেল: শায়লা
ফিউশন দ্বিতীয়, নিহালস ওয়ার্ডরোব, মডেল: শায়লা

নবীন ডিজাইনারদের চোখেও এখন বিশ্বজয়ের স্বপ্ন। প্রতিযোগিতায় সেরাদের সেরা হওয়া ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র মাশরুর রহমান বেশ উচ্ছ্বসিত। বিশ্ববিদ্যালয়পড়ুয়া এই তরুণের মধ্যে নতুন কিছু করার ইচ্ছা কাজ করে সব সময়। তিনি বলেন, ‘বিশ্ব–ফ্যাশন সম্পর্কে সচেতন না হলে তো পিছিয়ে পড়তে হবে। বড় ফ্যাশন হাউসগুলো পোশাক তৈরি করে সারা বিশ্বের মানুষের কথা চিন্তা করে। তাই ঢাকা কিংবা চট্টগ্রাম নয়, যেখানেই থাকি ভাবতে হবে বড় পরিসরে।’
ফ্যাশন প্রতিযোগিতায় পুরস্কার জেতার এই কাতারে আছেন নবীন ডিজাইনার তাসনিম আনিকা, বিথুন রহমান, আবদুল্লাহ ইবনে সৈয়দ, উম্মে হাবিবা, শিমুরা হোসাইনরাও। তাঁদের সবার পোশাকেই ছিল পশ্চিমা ধাঁচে দেশীয় ঐতিহ্যের মেলবন্ধন।
প্রাচ্য আর পাশ্চাত্যের সম্মিলনে দেশি পোশাক, এতে কি নিজস্বতা খর্ব হবে? অনুকরণ হবে না তো? এমন প্রশ্নে ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরীর দৃঢ় উত্তর, এটি অনুকরণ নয়, সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নেওয়া। তরুণেরা তা-ই করছেন।