
জমিনে সবুজ, কলারে টকটকে লাল। কিংবা নকশায় জাতীয় স্মৃতিসৌধ ও শাপলা। পোশাকে বিজয়ের এমন ছোঁয়া নিয়ে শুরু হয়েছে লাইফ স্টাইল ব্র্যান্ড অঞ্জনসের প্রদর্শনী। ‘বিজয়ের পোশাক ২০১৫’ শিরোনামের এই প্রদর্শনী চলছে নগরের জিইসি মোড়ের অঞ্জনসের নতুন বিক্রয়কেন্দ্রে। প্রদর্শনী চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
সব বয়সীদের জন্য পোশাক পাওয়া যাবে এই আয়োজনে। রয়েছে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, শার্ট ও ফতুয়া। পোশাক তৈরিতে প্রাধান্য পেয়েছে সুতির কাপড়। এই সময় যেহেতু শীত থাকে তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে নকশা করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে পোশাক প্রদর্শনী ও অঞ্জনসের দ্বিতীয় শাখা উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় অঞ্জনসের প্রধান নির্বাহী শাহীন আহম্মেদ, প্রধান ডিজাইনার লায়লা খায়েরসহ শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
শাহীন আহম্মেদ বলেন, ‘দেশীয় পোশাকের বড় বাজার তৈরিই অঞ্জনসের মূল লক্ষ্য। আমরা সময়ের বাংলাদেশের গৌরবের বিষয়গুলো পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি।’
কথা হয় প্রদর্শনীতে আসা তরুণী ফারাহ তাবাসসুমের সঙ্গে। তিনি বলেন, ‘প্রতিটি পোশাকে লাল-সবুজ রং মনে করিয়ে দেয় আমাদের বিজয়ের কথা। আর দেশীয় কাপড়ের এসব পোশাক পরতেও আরাম। তাই বিজয় দিবসের জন্য একটি ফতুয়া কিনেছি।’