পোশাকের রং বলে দেবে ব্যায়ামের মাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

অনেককে দেখা যায় ব্যায়াম করতে গিয়ে শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিচ্ছেন। আবার কেউ কেউ সীমা অতিক্রম না করতে ট্রেডমিলে হেঁটে বা দৌড়ে বুঝে নেন, কখন তাঁকে থামতে হবে। এবার এসব বিড়ম্বনার দিন ফুরিয়ে এসেছে। জার্মান ডিজাইনার সিমোনে শ্রাম এমন একটি পোশাক প্রস্তুত করেছেন, যা নিজের আকার আর রং বদলে পরিধানকারীকে বলে দেবে কখন তাঁকে থামতে হবে।
কয়েক স্তরের বিশেষ এই পোশাকটির নাম দেওয়া হয়েছে ‘মাসল শার্ট’। সুতার মাঝে তার বোনা এই পোশাকে রয়েছে খুদে যন্ত্র। আর যন্ত্রটি পরিচালনা করে বিশেষ একটি সফটওয়্যার। সেই সঙ্গে শার্টটিতে রয়েছে হৃৎস্পন্দন নির্ণয়ের একটি সেন্সর। শার্টটি পরার পর ব্যবহারকারী যখন ব্যায়াম শুরু করেন, তখন তাঁর হৃৎস্পন্দন নির্ণয় করে সেন্সরটি সফটওয়্যারকে সংকেত দেয়।
গায়ে চাপানোর পরপরই পরিধানকারীর শারীরিক আকৃতি নির্ণয় করে শার্টটি বুঝে নেয় তার অভীষ্ট হৃৎস্পন্দনের মাত্রা কত। ওই মাত্রায় পৌঁছানো মাত্র শার্টটি স্বয়ংক্রিয়ভাবে আঁটো হয়ে উঠতে শুরু করে। সেই সঙ্গে বদলে যায় তার রংও। যখন হৃৎস্পন্দন আবার স্বাভাবিক হয়, তখন শার্টটিও শিথিল হয়ে আগের আকার আর রঙে ফিরে আসে।
শ্রাম বলেন, এত দিন ধরে চলে আসা ট্রেডমিলের গণনাভিত্তিক পদ্ধতি থেকে পরিধানকারীকে মুক্তি দেবে এই শার্ট। এটি আরও বেশি বিশ্বাসযোগ্য।
তবে এখন পর্যন্ত মাসল শার্ট গবেষণাগারেই রয়েছে। বাজারজাত করার আগে এর আরও কিছু উন্নতি সাধন করতে হবে। সেই সঙ্গে এতে শ্রাম সংযুক্ত করতে চান আরও একটি যন্ত্রাংশ, যা ব্যবহারকারীর দৈহিক গঠন মনে রাখতে পারবে। এর ফলে ব্যবহারকারী ওজন হারাচ্ছেন, না ব্যায়ামের ফলে তার মাংসপেশি সুঠাম হয়ে উঠছে, তা নির্ণয় করা যাবে।