পোড়াতে পরশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফারহানা বেগম। ছবি: প্রথম আলো
ফারহানা বেগম। ছবি: প্রথম আলো

কারও গজ–ব্যান্ডেজে সারা শরীর মোড়ানো। কেউ–বা ক্ষণে ক্ষণে চিৎকার দিচ্ছেন। কারও শরীরের পুড়ে যাওয়া অংশ থেকে পুঁজ বের হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিত্র এটি। আর গত ৫ জানুয়ারির পর থেকে বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোটের ডাকা হরতাল–অবরোধে পেট্রলবোমায় দগ্ধ মানুষ ও তাঁদের স্বজনদের আহাজারিতে ইউনিটে বলতে গেলে সব সময়ই দম বন্ধ করা পরিবেশ।
এ ধরনের দম বন্ধ করা পরিবেশেই কাজ করছেন জ্যেষ্ঠ স্টাফ নার্স ফারহানা বেগম, জুলিয়ানা পালমাসহ অন্য নার্সরা।
৩ মার্চ দুপুরে কথা হয় ফারহানা বেগম ও জুলিয়ানা পালমার সঙ্গে। দুজনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং ইনস্টিটিউট থেকে চার বছরের ডিপ্লোমা করেছেন। অন্যান্য জায়গায় কাজ করার পর দেড় বছর ধরে কাজ করছেন বার্ন ইউনিটে। দুজনেরই বাড়ি গাজীপুর।
প্রতিবেদকের সঙ্গে কথা বলার ফাঁকেই জুলিয়ানা একজন রোগীর দিকে তাকিয়ে হায় হায় করে ওঠেন। রোগীর স্বজনদের বলেন, করছেন কী, রোগীকে শুইয়ে কেন খাবার খাওয়াচ্ছেন, তাঁকে আগে বসান।
ফারহানা বেগম কথার মধ্যে যোগ করলেন, মাঝেমধ্যে বাসায় ফেরার পরও মাথায় ঘুরতে থাকে গুরুতর রোগীদের কথা। একজন রোগী মারা গেলে মন খারাপ হয়। কিন্তু একজনের জন্য মন খারাপ করে অন্য রোগীদের সেবা থেকে বঞ্চিত করার কোনো মানে নেই। তাই মন খারাপ সামলে নিতে হয়।
বর্তমান পরিস্থিতিতে এই দুই নার্সের মনেও আতঙ্ক দেখা দিয়েছে। হাসপাতাল থেকে বাসায় আসা–যাওয়ার সময় বাসে বসে এই রোগীদের মুখগুলোই চোখের সামনে ভাসতে থাকে। তাঁদের বাসটিতে পেট্রলবোমায় আগুন ধরে গেলে তাঁদের চেহারাও তো ইউনিটের রোগীদের মতোই হবে।
কখনো বিরক্ত লাগে না? এই প্রশ্নের উত্তরে জুলিয়ানা বলেন, ‘আমি খারাপ ব্যবহার করি না। যখন অনেক ছোট, তখনই মা মারা গেছে। এইচএসসিতে পড়ার সময় বাবা মারা যান। আমি যে সিস্টারের কাছে মানুষ, তিনি সব সময় বলতেন, কারও সঙ্গে যেন খারাপ ব্যবহার না করি। সেই সিস্টার মারা গেছেন। তবে তাঁর কথা সব সময়ই মনে রাখার চেষ্টা করি।’
পেশা হিসেবে নার্সিংকে কেন বেছে নিলেন—এর উত্তরে ফারহানা বলেন, ‘আমার মায়ের খুব ইচ্ছা ছিল নার্স হওয়ার। কিন্তু আমি ছোট থাকায় তিনি নার্সিংয়ে ভর্তি হতে পারেননি। মায়ের ইচ্ছা পূরণের জন্যই নার্সিংয়ে ভর্তি হই। ভর্তি হওয়ার সময় তখন এত কিছু বুঝতাম না। তবে আমি নার্স হওয়ার পর আমার ছোট বোনকেও নার্স বানিয়েছি। ও এখন চট্টগ্রামে একটি হাসপাতালে কাজ করছে। বিয়ে করে সংসার করছে।’
নার্সিং পড়ার কারণ হিসেবে ফারহানা বলেন, মধ্যবিত্ত পরিবার চায় মেয়েরা একটু পড়াশোনা করেই যাতে চাকরি পায়। সে জন্য নার্সিংসহ অন্যান্য টেকনিক্যাল বিষয়ই প্রাধান্য পায়।
ফারহানার স্বামী রুহুল আমিন একজন প্রকৌশলী। দুই ছেলে আছে তাঁদের।

জুলিয়ানা পালমা
জুলিয়ানা পালমা

জুলিয়ানার গল্পটা একটু অন্য রকম। তিনি বলেন, ‘ছোটবেলা থেকে ইচ্ছা ছিল সিস্টার হওয়ার। সে জন্য দুই বছর প্রশিক্ষণও নিই। কিন্তু মাছ, মাংস খেতে পারতাম না এবং একা থাকতে ভয় লাগে বলে আর সিস্টার হওয়া হয়নি। তবে মানুষকে সেবা করার ইচ্ছাটা মরে যায়নি। তাই ভাবলাম নার্স হলে সবাই আমাকে সিস্টার ডাকবে, অন্যদিকে সেবাও করতে পারব। এ ছাড়া নার্সদের সাদা পোশাকটি খুব ভালো লাগত। বর্তমানে আমরা তিন বোনই নার্সিং পেশায় আছি।’
বার্ন ইউনিটের মেঝেতে অনেক সময় রোগীদের রাখতে হয়। সাদা শাড়ি পরে নিচে বসে কাজ করা সমস্যা বলে এখন পোশাকে পরিবর্তন এসেছে। এখন ফারহানা, জুলিয়ানারা নীল সালোয়ার–কামিজ পরছেন।
ফারহানার মতে, নার্সিং পেশায় বলতে গেলে প্রায় সব কিছুই ইতিবাচক। কারও কাছ থেকে অবজ্ঞা বা খারাপ ব্যবহার পেতে হয় না। তবে রাতে দায়িত্ব পালন করাটা নারীদের পক্ষে কঠিন হয়ে যায়। ছোট ছেলেটা নাইট ডিউটির দিন পা ধরে বসে থাকে, যাতে মা না যায়। পেশা ও পরিবার দুটো একসঙ্গে সামলাতে গিয়ে মাঝেমধ্যে চাকরিটা ছেড়ে দিতে ইচ্ছা হলেও পেশার জন্য মমত্ববোধ এবং ছেলেদের মানুষ করতে হলে একজনের রোজগারে চলবে না—সে চিন্তায় আর ছাড়া হয়নি।
জুলিয়ানার স্বামী শ্যামল কুড়াইয়া খ্রিষ্টানদের একটি সমবায় সমিতিতে কাজ করছেন। তাঁদের এক ছেলে। নার্সারিতে পড়ছে। ছেলের জন্মদিনেও ছুটি নেওয়া যায় না, ছেলের পড়াটা ভালো করে দেখিয়ে দিতে পারেন না জুলিয়ানা। তবে চাকরিটি ছেড়ে দেবেন, সে ধরনের চিন্তা এখন পর্যন্ত মাথায় আসেনি।
শুধু বার্ন ইউনিট নয়, সারা বাংলাদেশেই জনসংখ্যা, রোগী ও চিকিৎসক অনুপাতে নার্সের চরম সংকট। ফলে চিকিৎসকেরা রোগী দেখে যে ব্যবস্থাপত্র দিয়ে যান, তা পালন করতে নার্সদের অনেক কাজ করতে হয়। তার পরও সব রোগীকে সময়মতো ইনজেকশন বা অন্যান্য ওষুধ দিতে পারেন না। তাই মনের মতো করে সেবা দিতে পারছেন না বলে জানান ফারহানা ও জুলিয়ানা।
নিজের ছেলেদের নার্সিং পেশায় আনবেন কি না জানতে চাইলে প্রায় অভিন্ন সুরেই ফারহানা ও জুলিয়ানা জানান, তাঁরা চান, তাঁদের ছেলেরা নার্সিংয়ের চেয়েও বড় কোনো পেশায় যাবে। তবে ছেলেরা কেউ ইচ্ছা করে এ পেশায় আসতে চাইলে তাঁদের আপত্তি নেই।
বার্ন ইউনিট থেকে কাজ শেষে বাড়ি ফিরলেও কাজ থেকে নিস্তার নেই। ননদের মেয়ের পাতলা পায়খানা, তো এলাকার কারও উচ্চ রক্তচাপের সমস্যা। আর এসব ক্ষেত্রে প্রথমেই ডাক পড়ে ফারহানা, জুলিয়ানার। তবে এটুকু করতে পেরে তাঁরাও বেশ তৃপ্তি পান বলেই মনে হলো তাঁদের মুখ দেখে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রতিষ্ঠাতা প্রকল্প পরিচালক সামন্তলাল সেন বলেন, ‘বার্ন ইউনিটে স্থায়ী নার্স আছেন ৪০ জন। এখন প্রেষণে এসেছেন আরও ৫২ জন। নার্সদের মধ্যে নারীর সংখ্যাই বেশি। এই নার্সরা বার্ন ইউনিটে আসা রোগীদের ধকল সামাল দিচ্ছেন, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গড়ে সবসময় বার্ন ইউনিটে ভর্তি থাকেন ৫০০ জন রোগী। শুধু বার্ন ইউনিট নয়, সমগ্র বাংলাদেশেই নার্সের সংকট রয়েছে। নার্সদের আবাসন সমস্যাসহ অন্যান্য সমস্যা তো আছেই। তাই নার্সদের সুযোগ–সুবিধা বাড়ানোর দিকে নজর দিতে হবে।’