পোকা ও বৃষ্টিতে মাথায় হাত সীতাকুণ্ডের তরমুজচাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোকার আক্রমণের পাশাপাশি বৃষ্টির কারণে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এবারও তরমুজের কাঙ্ক্ষিত ফলন হয়নি। পোকা দমন করতে কীটনাশক ছিটিয়েও ফল পাননি কৃষকেরা। ভেজাল কীটনাশক ও বীজে বাজার ছেয়ে গেলেও নজরদারি নেই বলে অভিযোগ কৃষকদের।
এবার নিয়ে পর পর কয়েক বছর তরমুজ চাষ করে লোকসানের মুখে পড়েছেন কৃষকেরা। অনেকে আর তরমুজ চাষ না করার কথা ভাবছেন। বাজারে তরমুজের ভালো দাম পাওয়া গেলেও ফলন কম হওয়ায় লাভ করতে পারেননি কৃষকেরা।
উপজেলার কৃষি কর্মকর্তারা জানান, তরমুজখেতে শোষক পোকার আক্রমণের কারণে গাছের পাতা মুড়িয়ে যাচ্ছে। তরমুজের ফলন কম হওয়ার পাশাপাশি আকারেও ছোট হচ্ছে। এ ছাড়া গত কয়েক দিন আগের বৃষ্টিতেও ক্ষতি হয়েছে তরমুজ খেতের।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২০১৩ সালে সীতাকুণ্ডের সৈয়দপুর, মুরাদপুর, বাড়বকুণ্ড ও কুমিরা ইউনিয়নের ১২০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছিল। ২০১৪ সালে তা কমে ১০০ হেক্টরে দাঁড়ায়। চলতি বছর তরমুজের চাষ আরও কমেছে। এ বছর মাত্র ৯০ হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে।
উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের জামাদারপাড়া সাগরপাড়ে ও মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি বিলে প্রতিবছর তরমুজ চাষ হয়। ওই এলাকাগুলো ঘুরে বিভিন্ন খেতে রোগের সংক্রমণ দেখা গেছে। পর পর কয়েক বছর টানা লোকসানের কারণে জামাদারপাড়ায় এ বছর তরমুজ চাষ করেননি কৃষকেরা। গুলিয়াখালি বিলে গত বছরের তুলনায় অর্ধেকের মতো খেতে তরমুজ চাষ হয়েছে। এর মধ্যে অধিকাংশ খেতের তরমুজগাছে পোকার আক্রমণ হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও রোগের কারণে এসব এলাকার চাষিরা পরিপক্ব হওয়ার আগেই খেত থেকে তরমুজ তুলে নিচ্ছেন।
গুলিয়াখালীর কৃষক আবুল হাসেম বলেন, তিনি গত বছর ৯৬ শতক জমিতে তরমুজ চাষ করেছিলেন। লোকসান হওয়ার কারণে এবার তিনি মাত্র ৪৮ শতক জমিতে তরমুজ চাষ করেছেন। তরমুজ চাষে খরচ হয়েছে ৩০ হাজার টাকার মতো। গত শনিবার পর্যন্ত তিনি মাত্র পাঁচ হাজার টাকার তরমুজ বিক্রি করেছেন। এবার চাষের খরচ উঠবে কি না, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি।
একই এলাকার কৃষক বেলাল হোসেন বলেন, এবার তরমুজের আকার হয়েছে ছোট। তাই দামও কম। ১০০ তরমুজ বিক্রি হচ্ছে তিন থেকে পাঁচ হাজার টাকায়। তিনি অভিযোগ করে বলেন, উপজেলার তরমুজ খেতগুলোতে পোকার আক্রমণ দেখা দিলেও কৃষি কর্মকর্তারা মাঠে আসেননি। দোকানে গিয়ে দোকনির পরামর্শমতো কীটনাশক ছিটিয়ে ফল পাননি তিনি। ভেজাল কীটনাশক বিক্রি বন্ধে কৃষি বিভাগের কোনো উদ্যোগ নেই।
তবে কৃষকদের অভিযোগ সত্য নয় বলে মন্তব্য করেছেন উপজেলার দায়িত্বপ্রাপ্ত কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত
সাহা বলেন, কৃষকদের অভিযোগ সত্য নয়। উপসহকারী কৃষি কর্মকর্তাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। তাঁরা তাঁদের অধীনে থাকা কৃষি ব্লকগুলো নিয়মিত পরিদর্শন করেন।
শোষক পোকা দমনে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, জানতে চাইলে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুভাষ চন্দ্র নাথ বলেন, প্রান্তিক কৃষকেরা পোকার আক্রমণে করণীয় কী তা জানেন না। অনেক কৃষক কৃষি কর্মকর্তার পরামর্শও গ্রহণ করেন না। বাজার থেকেব নিজেদের খেয়ালখুশিমতো কীটনাশক কিনে খেতে ছিটাচ্ছেন তাঁরা। ফলে পোকা দমন হচ্ছে না। এ ব্যাপারে কৃষকদের সচেতন করার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ।