পোকা দমনে সাফল্য আনোয়ারার চাষিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোকা দমনে ‘সেক্স ফেরোমোন’ পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন আনোয়ারার সবজিচাষিরা। এতে বালাইনাশক ব্যবহারের প্রয়োজন হচ্ছে না। খরচও কমে গেছে। বর্তমানে উপজেলার ৫০০ চাষি ১০ হেক্টর জমিতে এ পদ্ধতি ব্যবহার করছেন। বেগুন ও কুমড়োর ক্ষেতে বেশি ব্যবহূত হচ্ছে এই পদ্ধতি।‘আমি তিন গণ্ডা (ছয় শতক) জমিতে বেগুনচাষ করেছি তিনটি সেক্স ফেরোমোন ব্যবহার করে। এতে আমাকে আর প্রতিদিন বেগুনে কীটনাশক দিতে হচ্ছে না। উপজেলা কৃষি কার্যালয় থেকে বিনামূল্যে পাওয়ায় খরচ নিয়ে ভাবতে হচ্ছে না।’ কথাগুলো বললেন বরুমচড়ার চাষি আবদুল মাবুদ। সরেজমিনে তৈলারদ্বীপ, বারখাইন, হাইলধর, বৈরাগ ও জুঁইদণ্ডীতে ঘুরে জমিতে সেক্স ফেরোমোন পদ্ধতি ব্যবহার করতে দেখা গেছে চাষিদের। চাষিরা জানান, আগে প্রতিদিন বিকেলে বেগুনের ক্ষেতে কীটনাশক দিতে হতো। কিন্তু সেক্স ফেরোমোন পদ্ধতি ব্যবহার করতে হয় দুই সপ্তাহ পর। এটি পোকা নিধনে খুবই কার্যকর। বাজারে সেক্স ফেরোমোনের দাম ২৫ টাকা। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আখতারুজ্জামান জানান, সেক্স ফেরোমোন এমন একটি পদ্ধতি যেটি ব্যবহার করে চাষিরা সহজে পোকা দমন করতে পারেন। চাষিদের কাছে এ পদ্ধতির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।’